বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুধে ভেজাল: প্রতিবাদ করায় বউ পেটাল বিএনপি নেতা

Sumi-Bogra-milk-BNP৩ লিটার দুধে ৩ লিটার পানি দিয়ে বাজারে বিক্রি করার প্রতিবাদ করায় সুমি আক্তার (১৯) নামের এক গৃহবধূকে পেটালেন তারই স্বামী বিএনপির নেতা কবির তালুকদার। বগুড়ার ধুনটে সোমবার সকালের ওই ঘটনার পর আহত গৃহবধূকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুমির পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ২০১০ সালে উপজেলার চালাপাড়া গ্রামের গোলাম রব্বানীর মেয়ে সুমি আক্তারের সঙ্গে একই গ্রামের মতিন তালুকদারের ছেলে কবির তালুকদারের বিয়ে হয়। কবির তালুকদার ধুনট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি। গত বছর আন্দোলনের সময় পুলিশকে মারধর ও বিস্ফোরক আইনসহ থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এ অবস্থায় রাজনীতি থেকে নিজেকে একটু আড়াল করে তিনি গাভি পালন করে বাজারে দুধ বিক্রি শুরু করেন।

বর্তমানে তাঁর খামারে চারটি গাভি রয়েছে। এর মধ্যে একটি গাভি তিন লিটার করে দুধ দেয়। কবির এই তিন লিটার দুধের সঙ্গে অতিরিক্ত আরও তিন লিটার পানি মিশিয়ে প্রতিদিন বাজারে বিক্রি করেন। এ ঘটনার প্রতিবাদ করেন তাঁর স্ত্রী সুমি আক্তার। এতে কবির ক্ষিপ্ত হয়ে সুমিকে সোমবার ২০ জুলাই সকাল আটটার দিকে পিটিয়ে আহত করেন। আহত সুমিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সুমি আক্তার বলেন, কবির এর আগে দুটি বিয়ে করেন। তাঁরা কবিরের নির্যাতনের শিকার হয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। তিনি তাঁর তিন নম্বর স্ত্রী।

তিনি দাবি করেন, কবির অনেক দিন ধরে দুধে পানি মিশিয়ে বাজারে বিক্রি করে আসছেন। এ নিয়ে বাজারে কয়েকবার ধরাও পড়েছেন কবির। এ কারণে তিনি তাঁর স্বামীকে দুধে পানি না মেশানোর জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি শোনেননি। পরে জোরালোভাবে প্রতিবাদ করায় কয়েকবার কবির তাঁকে মারধর করেছেন। গতকাল সকালে আবারও দুধে পানি মেশানোর সময় প্রতিবাদ করায় কবির ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন।

সুমির বাবা গোলাম রব্বানী বলেন, এর আগেও কবির অকারণে তাঁর মেয়েকে কয়েকবার মারধর করেছেন। এ নিয়ে গ্রাম্য সালিসে ভুল স্বীকার করে অঙ্গীকারবদ্ধ হয়ে কবির তাঁর মেয়ের সঙ্গে ঘরসংসার করছেন। এ অবস্থায় আবারও সুমিকে অকারণে মারধর করেছেন।

এ ব্যাপারে কবির তালুকদার দাবি করেন, সুমি আক্তার সামান্য ঘটনা নিয়ে তাঁর সন্তানকে মারধর করেন। এ কারণে তিনি ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে চড়থাপড় দিয়েছেন। তবে দুধে পানি মেশানোর ঘটনা তিনি অস্বীকার করেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, সুমি আক্তার এর আগেও স্বামীর নির্যাতনের শিকার হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গতকাল আবারও মারধরের শিকার হয়ে বেলা ১১টার দিকে ভর্তি হন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন