রাজধানীর ওয়ারী থানাধীন বিটিসিএল অফিসে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মুল্যের ৭৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় মো. আবু সিদ্দিক (১৫) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। তবে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বিটিসিএল’র অনুুঃএকচেঞ্জ মো. মোস্তফাকে (৪১) আটক করতে পারেনি পুলিশ।
২১ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ওয়ারী থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম এই তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানার ২৬ নম্বর র্যাংকিন স্ট্রিট এর ওয়ারী সাব পোস্ট অফিসের নিচ তলায় বিটিসিএল’র অফিসে অভিযান চালানো হয়। এ সময় অফিসের ভেতর থেকে ৭৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা চালানটি আবু সিদ্দিক অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
নুরুল ইসলাম জানান, বিটিসিএল’র অনুঃএকচেঞ্জে কর্মরত মো. মোস্তফা বেশ কিছুদিন ধরে অফিসটি ব্যবহার করে মাদক ব্যবসা করে আসছিলেন। তিনি ওই ওয়ার্ডের বিটিসিএল’র দায়িত্বে রয়েছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোস্তফা পালিয়ে গেছেন।
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মোস্তফাকে আটক করা গেলে বিস্তারিত আরো জানা যাবে।


