রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ৬২টি উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের নবনিযুক্ত ১৮৬ জন সদস্য আজ এখানে শপথ নেন।
রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ ২১ জুলাই মঙ্গলবার দুপুরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। এটি পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক আমিনুল ইসলাম।
রাজশাহী রেঞ্জে পুলিশের ডিআইজি ইকবাল বাহার, বিভাগীয় ও জেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে কমিশনার হেলাল উদ্দিন আহমেদ স্থানীয় সরকার সংশ্লিষ্ট প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করতে নব-নির্বাচিত সদস্যদের প্রতি আহবান জানান।
নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সব খাতে যদি বর্তমান উন্নয়ন ধারা অব্যাহত থাকে তাহলে ২০২১ সাল নাগাদ বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কৃষি, শিল্প, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বেস্টনী, নারীর ক্ষমতায়ন, পরিবেশ, তথ্য ও যোগাযোগ এবং প্রযুক্তিসহ সব খাতে গৃহীত উন্নয়ন কর্মসূচির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
হেলাল উদ্দিন বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণে গত সাড়ে ছয় বছর নিরলসভাবে কাজ করছে।
যুবকদের সক্রিয় ও কার্যকর অংশগ্রহণের মাধ্যমে সামাজিক উন্নয়ন জোরদারের জন্য তাদেরকে গণতান্ত্রিক কার্যক্রমে সংশ্লিষ্ট করতে উদ্যোগ নেয়া হয়েছে।
বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন পল্লী এলাকার জনগণের কল্যাণে উন্নয়ন কার্যক্রমের সফলতা তাদের কাছে পৌঁছে দিতে আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্যদের, বিশেষ করে নারী জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান।


