কলেজ ছাত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দিয়ে চাঁদা দাবির অভিযোগে শুভ দাশ নামে একজনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
ওই ছাত্রী পরিবার থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ মঙ্গলবার দুপুরে তাকে আটক করে।
শুভ দাশ পাহাড়তলী চক্ষু হাসপাতালের কর্মচারি।
মাসখানেক আগে শুভ ফেসবুকে একটি আইডি খুলে ওই ছাত্রীর কয়েকটি ছবি সেখানে আপলোড করে। এর মধ্যে কয়েকটি বিকৃত ছবিও ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর ছাত্রীর বাবা শুভকে ফোন করে ছবিগুলো সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করে। কিন্তু রাজিব ও শুভ ছাত্রীর বাবাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকিধমকি দিতে শুরু করে। এক পর্যায়ে তারা ছবি সরিয়ে নেয়ার জন্য পাঁচ লক্ষ টাকা দাবি করে।
এ প্রসঙ্গে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভির আরাফাত বলেন, ‘এক কলেজ ছাত্রীর ছবি বিকৃত করে পাহাড়তলী চক্ষু হাসপাতালে ক্লিনার শুভ ফেসবুকে আপলোড করেছেন। পরে ছবি সরিয়ে নেয়ার জন্য ছাত্রীর বাবাকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এরকম অভিযোগ পেয়ে আমরা অভিযুক্ত শুভকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে এসেছি।’
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত বলেন, শুভ পাহাড়তলী চক্ষু হাসপাতালে ক্লিনার হিসেবে কর্মরত আছে। সে নগরীর একটি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে আপলোড করেছে। পরে ছবি সরিয়ে নেয়ার জন্য ছাত্রীর বাবাকে ফোন করে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। অভিযোগ পেয়ে আমরা তাকে আটক করেছি।
নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সন্তোষ কুমার চাকমা জানান, শুভ দাশ (৩০) ও রাজিব আইচ (৩১) ডবলমুরিং থানার পান্নাপাড়া এলাকার বাসিন্দা এবং পরস্পরের বন্ধু। রাজিব কলেজ ছাত্রীদের নিকটাত্মীয়। সেই সুবাদে শুভ ও রাজিবের ওই ছাত্রীর বাসায় যাতায়াত ছিল।
এ ঘটনায় ৫ জুলাই পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ছাত্রীর বাবা। এরপর ৭ জুলাই তিনি নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার বরাবরে একটি অভিযোগ দেন।
নগর গোয়েন্দা পুলিশ অনুসন্ধান চালিয়ে শুভকে চক্ষু হাসপাতাল থেকে আটক করে এনে জিজ্ঞাসাবাদ করে। সাংবাদিকদের সামনে শুভ পুলিশকে উদ্দেশ্য করে বলে, আমি ভুল করেছি। আমি মেয়ে এবং তার বাবার পায়ে ধরে ক্ষমা চাইব।
শুভ’র বিরুদ্ধে পাহাড়তলী থানায় সাইবার আইনে মামলা দায়েরের জন্য এস আই সন্তোষ কুমার চাকমাকে নির্দেশ দিয়েছেন এডিসি-ডিবি এস এম তানভির আরাফাত।
একই ঘটনায় পালিয়ে যাওয়া রাজিব আইচকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এস আই সন্তোষ কুমার চাকমা।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


