যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার চট্টগ্রামের মিরসরাইয়ে জরুরি অবতরণ করা হয়েছে। পাইলটসহ তিন আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
২১ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার জোরারগঞ্জের দুর্গাপুরের একটি ধানক্ষেতে হেলিকপ্টার জরুরি অবতরণ করে। খবর পেয়ে উদ্ধারকাজে যায় ফায়ার সার্ভিস, পুলিশ, বিমান বাহিনীর সদস্যরা। যোগ দিয়েছে বিমানবাহিনীর আরেকটি হেলিকপ্টার।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের সীতাকুন্ড সার্কেলের সহাকরি পুলিশ সুপার (এএসপি) শেখ সালাউদ্দিন বলেন, ঢাকা থেকে বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার চট্টগ্রাম আসার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মহামায়া লেক অতিক্রম করার সময়ই হেলিকপ্টারটির ইঞ্জিনে ফায়ার সংকেত দেয়। ফলে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মিরসরাইয়ের জোরারগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের একটি ধানক্ষেতে বিমান বাহিনীর হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাইলটসহ হেলিকপ্টারের তিন আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


