বুধবার ৪ নভেম্বর ২০২৬

৪০ হাজার ৪৭০ জন ভারতীয় হচ্ছেন বাংলাদেশি

Rangpurবাংলাদেশের ভূখণ্ডের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহলের জনগণনার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্‌ত মঙ্গলবার ২১ জুলাই দুপুর ২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরের ১১১টি ছিটমহলের ৯৭৯ জন ভারতে যেতে চান। এ সব ছিটমহলে ৪১ হাজার ৪৪৯ জনকে জনগণনায় অন্তর্ভুক্ত করা হয়। সে হিসাবে ৪০ হাজার ৪৭০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্‌ত বলেন, বাংলাদেশের ভেতরে ১১১টি ছিটমহলের জনগণনায় ৪১ হাজার ৪৪৯ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৭৯ জন ভারতে যেতে চান। তারা ১ আগস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ভারতে যেতে পারবেন।

তিনি আরও বলেন, ভারতের অভ্যন্তরে ৫১টি ছিটমহল থেকে আমরা যে তথ্য পেয়েছি, সেখান থেকে কোনো বাসিন্দাই বাংলাদেশে আসতে আবেদন করেননি। ছিটমহলগুলো আর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে না। এগুলো ৩১ জুলাই অটোমেটিক হস্তান্তর হয়ে যাবে। মতমত দেওয়ার পরে যারা বাংলাদেশে থাকতে আগ্রহী তারা বাংলাদেশের নাগরিক হয়ে যাবেন। আর যারা ভারতে থাকতে আগ্রহী তারা ভারতের নাগরিক হয়ে যাবেন।

এর আগে মঙ্গলবার সকালে কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, পঞ্চগড় জেলা প্রশাসক মো. সালাউদ্দিন ও নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন সংশ্লিষ্ট জেলার অভ্যন্তরে ছিটমহলের জনগণনার তালিকা রংপুর বিভাগীয় কমিশনারের নিকট জমা দেন।

সোমবার ভারতের চ্যাংরাবান্দায় দুই দেশের যৌথ জরিপ দল জনগণনার ডাটাবেজ তৈরি করে। সেখানে ১১১টি ছিটের ভারতে গমনেচ্ছুদের খসড়া তালিকা তৈরি করে রাতেই সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

দুই দেশের যৌথ সমীক্ষা দল ৬ জুলাই থেকে ১৬ জুলাই ১১ দিন বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয় ১১১টি ছিটমহলে বাড়ি বাড়ি গিয়ে হালানাগাদ সমীক্ষা করে।

অন্যদিকে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলের কোনো বাসিন্দাই ঠিকানা পরিবর্তনের আবেদন করেননি।
এর আগে ২০১১ সালে এ সব ছিটমহলে জনগণনা করা হয়।

আরও পড়ুন