বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঘুম চোখে বাস চালিয়ে ড্রাইভার কেড়ে নিল ১৭ প্রাণ

Sirajgonj-Accident-চালকের ঘুমঘুম ভাবকে সিরাজগঞ্জে দুর্ঘটনার জন্য দায়ী করেছে তদন্ত কমিটি। ঈদের পর দিন ওই দুর্ঘটনায় ১৭ আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়। গত ১৯ জুলাই দুর্ঘটনার পর সিরাজগঞ্জ জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি বুধবার ২২ জুলাই তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ এম আনোয়ার পাশা বলেন, “দুর্ঘটনার সময় ঘুম ঘুম ভাব ও রং সাইডে গিয়ে চালকের গাড়ি চালানো এবং ফিটনেস না থাকাকে দায়ী করেছে কমিটি।”

ঈদের পরদিন ভোরে জেলা সদরের মূলিবাড়ীতে গাইবান্ধা থেকে ঢাকাগামী আজাদ পরিবহন এবং চট্টগ্রাম থেকে রংপুরগামী সাব্বির পরিবহনের সংঘর্ষে ওই ১৭ জন নিহত হন।

তদন্ত কমিটি সাবির পরিবহনের চালককেই মহাসড়কে এই দুর্ঘটনার জন্য দায়ী করেছে। আর বাসটিরও ফিটনেস ছিল না বলে তদন্তে পাওয়া গেছে।

এজন্য বাসটির মালিক আব্দুল গফুর এবং ম্যানেজার হাসান আলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে বলে জানান পাঁচ সদস্যের ওই তদন্ত কমিটির প্রধান আনোয়ার পাশা।

সাবির পরিবহনের চালক বগুড়ার আব্দুস সালাম দুর্ঘটনার পরপরই মারা যান। ঘটনাস্থলে মারা যান আজাদ পরিবহনের চালক গাইবান্ধার মেনহাজ প্রধান।

দুর্ঘটনার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হলেও তিনি ছুটিতে থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব পান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দুর্ঘটনাস্থলে গিয়ে সড়কে মৃত্যু এড়াতে দূর পাল্লার প্রতিটি বাসে দুজন করে চালক রাখার নির্দেশ দেন। তিনি বলেন, “একজন চালক গাড়ি চালালে রাস্তায় তারা ঘুমিয়ে পড়তে পারেন। যে কারণে ঘটে দুর্ঘটনা।”

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন