মাগুরায় আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে নান্নু শেখ (৪৫) নামে এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আন্তত ৩০ জন। ঘটনাটি ঘটেছে ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রূপদহ সুন্দরপুর গ্রামে। এসময় বাড়িঘর ভাঙচুরসহ লুটপাটের ঘটনা ঘটে। রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও হাসপাতালে ভর্তি আহতরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শত্রুজিৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর মোল্লার ভাই সহ-সভাপতি সালম হাজির সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকলাস সমর্থিত নান্নু শেখের সমর্থকদের বিরোধ চলে আসছিল।
এ বিরোধ ২১ জুলাই অনুষ্ঠিত উপজেলা পরিষদের চেয়াম্যান পদে উপ-নির্বাচনের সময় চরম আকার ধারণ করে। এ নির্বাচনে সালাম হাজির সমর্থকেরা আওয়ামী লীগ প্রার্থী রুস্তম আলীর পক্ষে কাজ করে। অপরদিকে নান্নু শেখসহ তার সমর্থকেরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলুর পক্ষ নিয়ে নির্বাচনী কাজে অংশ নেন।
নির্বাচন পরবর্তী সময়ে জয়-পরাজয় নিয়ে দুপক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে সালাম হাজির সমর্থকেরা নান্নু শেখে ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তারা নান্নু সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
এ ঘটনার পরপরই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় প্রতিপক্ষের হামলা-পাল্টা হমলায় উভয় পক্ষের ৩০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে ২৫-৩০টি বাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
আহতদের মধ্যে গুরুতর জখম ২০ জনকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় নান্নু শেখের মৃত্যু হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


