বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পুলিশে আরো ৫০ হাজার সদস্য নিয়োগ

জনবল বাড়াতে পুলিশ বিভাগে আরো ৫০ হাজার সদস্য নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

২৩ জুলাই বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জে ধলই চা বাগানে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী। এ সময় সঙ্গে ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল আজিজসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়া শেষে সিলেটের চাঞ্চল্যকর রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হবে। এ ছাড়া দীর্ঘদিন নিখোঁজের পর ভারতের মেঘালয়ে আটক বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকেও দেশে ফিরিয়ে আনা হবে।

বেলা ১২টার দিকে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে ১৯৭১ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ-ভারত সীমান্তের যেখানে মরণপণ লড়াই করে সিপাহি হামিদুর রহমান শহীদ হন সেই স্থানটি দেখান।

আরও পড়ুন