বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভিএফএস গ্লোবাল ও ঢাকার ইতালি দূতাবাসের বিরুদ্ধে রোমে মামলা

vfsভিসা প্রক্রিয়ায় বিভিন্ন দূতাবাসকে সহায়তাকারী ভিএফএস গ্লোবাল, ঢাকার ইতালি দূতাবাস এবং ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করে রোমের ট্রাইব্যুনালে মামলা করেছেন একজন বাংলাদেশি বংশদ্ভুত ইতালিয়ান নাগরিক।

গত ১৬ জুলাই রোম ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন রোমের ইতাল-বাংলা অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান।

মামলায় ‘বিবাদী’ করা হয়েছে ইতালীয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকাস্থ ইতালীয়ান দূতাবাস এবং ভিএফএস গ্লোবালকে। ইতালির আইনে বিধি মোতাবেক ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিসে ইতিমধ্যে মামলাটি গৃহীত হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে- ফ্যামিলি রি-ইউনিয়ন, পড়াশোনা, কাজ বা কোর্সসহ বিভিন্ন ক্যাটাগরিতে যারা বাংলাদেশ থেকে ইতালিতে এসে থাকেন, ভিসার জন্য তাদেরকে সরাসরি ঢাকার গুলশানস্থ ইতালীয়ান দূতাবাসের ভিসা সেকশানে যাওয়ার কথা। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সবাইকে যেতে হয় দূতাবাসের নিয়োগকৃত এজেন্সি ভিএফএস গ্লোবালের বনানীস্থ রাসেল পার্কে। ভিসা আবেদনকারীদের জন্য ২০১২ সাল থেকে অনলাইনে আবেদন করার বাধ্যবাধকতা চালু করে ভিএফএস গ্লোবাল, যা মূলতঃ পরিণত হয় নিরীহ বাংলাদেশিদের গলাকাটার ‘ইনস্ট্রুমেন্ট’ হিসেবে।

অনলাইনে ‘অ্যাপয়েন্টমেন্ট’ পাওয়া না গেলেও ভিএফএস’র মাফিয়া সিন্ডিকেট যেভাবে রমরমা ‘অ্যাপয়েন্টমেন্ট’ বাণিজ্য খুলে বসেছে, তার আদ্যোপান্ত স্থান পেয়েছে মামলার নথিপত্রে। রোম ট্রাইব্যুনালে গৃহীত মামলায় প্রয়োজনীয় তথ্য-প্রমাণাদিসহ সুষ্পষ্টভাবে আরো বলা হয়েছে, গত ৪ বছরে কম করে হলেও প্রায় ২০ হাজার বাংলাদেশি ঢাকাস্থ ভিএফএস গ্লোবালের শোষণের শিকার হয়েছে। যাদের কাছ থেকে দুর্নীতিবাজ এই প্রতিষ্ঠানটি জনপ্রতি ২০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত আদায় করেছে সম্পূর্ণ অবৈধভাবে। ভিএফএস গ্লোবালের যাবতীয় অবৈধ কর্মকাণ্ড বন্ধে বিগত বছরগুলোতে বহুবার ইতালীয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ইতালীয়ান দূতাবাসে অফিসিয়ালি নালিশ জানানো হলেও অদ্যবধি কারো টনক নড়েনি।

মামলার ‘বাদী’ ইতাল-বাংলা অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান এই প্রতিবেদককে জানিয়েছেন, নিরীহ বাংলাদেশি নাগরিকদের স্বার্থরক্ষায় অচিরেই ঢাকার আদালতেও মামলা দায়ের করা হচ্ছে। প্রয়োজনে বাংলাদেশের উচ্চ আদালতেরও শরণাপন্ন হবেন বলে জানান তিনি। দেশ-বিদেশের পর্যবেক্ষক মহলের অভিমত, সদ্য পূর্ণ মন্ত্রী হওয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং নতুন দায়িত্ব নেয়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি একটু আন্তরিক হলেই ভেঙে দিতে পারেন ভিএফএস গ্লোবালের বনানীস্থ রাসেল পার্কের মাফিয়া সিন্ডিকেট।

সংবাদদাতা, রোম
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন