কুপ্রস্তাব এবং অশালীন ছবি আপলোড করার অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে কলকাতার বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানা। শুক্রবার ২৪ জুলাই হাওড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা হাওড়ার বেনারস রোডের বাসিন্দা প্রিন্স সিংহ এবং দশরথ রোডের বাসিন্দা আকাশ পাল। তাদের দু’জনেরই বয়স ১৯ বছর।
কয়েক মাস আগেই সল্টলেকের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় প্রিন্স ও আকাশের। তরুণী তাদের নিজের ফোন নম্বরও দেন। এর পর থেকেই ফেসবুকে কুপ্রস্তাব দিতে শুরু করে দুই কিশোর। অশালীন ছবি পাঠিয়ে তাঁকে উত্যক্ত করতে শুরু করে। তাতে তরুণী সাড়া না দিলে মোবাইলে ফোন করে এবং হোয়াটস্অ্যাপেও শুরু হয় একই আচরণ।
১৮ জুলাই থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতেই দুই কিশোরকে গ্রেফতার করা হয়। হাওড়ার বাসিন্দা দুই কিশোরই একে অপরের পূর্ব পরিচিত কি না এবং তারা অন্য কোনও মহিলার সঙ্গেও এই কাজ করেছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


