বুধবার ৪ নভেম্বর ২০২৬

লিবিয়ায় ২ বাংলাদেশি নিহত

imagesলিবিয়ায় বিবদমান দুদল সশস্ত্র গ্রুপের সংঘর্ষে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই বাংলাদেশি। গত ২১ জুলাই মঙ্গলবার লিবিয়ার রাজধানী ত্রিপোলী থেকে ১৮শ কিলোমিটার দূরে আল কুফরা নগরীতেক এ ঘটনা ঘটে।

২৪ জুলাই শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (মিডিয়া) আরাফাত রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার শিকলপুর গ্রামের আব্দুল বাসেদের ছেলে মোসলেউদ্দিন এবং বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ বুটেরদিয়া গ্রামের আবুল কালামের ছেলে মো. আরিফ করিম।

আহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পাদকোনা গ্রামের আব্দুল হামিদের ছেলে সাইফুল ইসলাম এবং টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার টিকরী গ্রামের মতিউর রহমানের ছেলে রাজু মিয়া।

নিহতদের মৃতদেহ আল কুফরা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রিপোলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ আল-কুফরাতে নিহতদের মরদেহ দেশে ফেরত আনতে উদ্যোগ গ্রহণ করেছেন। তারা দেশে ঊভয় পরিবারের সাথে যোগাযোগ করেছেন।

দূতাবাস কর্মকর্তাগণ আহতদের সাথে হাসপাতালে যোগাযোগ করেছেন।

এ ব্যাপারে কেউ লিবিয়ার বাংলাদেশে দূতাবাসে যোগাযোগ করতে চাইলে এএসএম আশরাফুল ইসলাম, কাউন্সিলর (শ্রম), মোবাইল: +২১৬২১৯২৪২২৯ এ যোগাযোগ করতে পারেন।

উল্লেখ্য, গত ১৪ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশী নাগরিকদের বিদ্যমান পরিস্থিতিতে লিবিয়াতে গমন না করার পরামর্শ প্রদান করে সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করে। একই সাথে লিবিয়াতে বসবাসরত কোন নাগরিককে সংঘাতপূর্ণ এলাকা ভ্রমন পরিহার করার জন্য অনুরোধ জানানো হয়েছিলো।

আরও পড়ুন