রাশিয়া বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে ফিফা। ৩২ দলের অংশগ্রহণে রাশিয়ার ১২টি ভেন্যুতে হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার এ লড়াই। উদ্বোধনী খেলা হবে ২০১৮ সালের ১৪ জুন। আর ফাইনাল ১৫ জুলাই।
উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু, রাশিয়ার রাজধানী মস্কোর ৮১ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন লুঝনিকি স্টেডিয়াম। এছাড়া সেমিফাইনাল ম্যাচ দু`টি হবে ১০ ও ১১ জুলাই।
ফিফার নিয়মানুযায়ী আয়োজক দেশ রাশিয়া সরাসরি টুর্নামেন্টে অংশ নেবে। এছাড়া ফিফার ২০৯টি সদস্য দেশ বিশ্ব আসরে খেলা নিশ্চিত করতে বাছাই পর্বে প্রতিযোগিতা করবে। তবে এবার বিশ্ব আসরের ৩২ দলের এ প্রতিযোগিতা হবে ৮ গ্রুপে ভাগ হয়ে।
এছাড়া, ২০১৭ সালে রাশিয়ায় অনুষ্ঠেয় ফিফা কনফেডারেশনস কাপের প্রাথমিক সূচিও চূড়ান্ত হয়েছে মস্কোর সভায়। ২০১৬ সালের ১৬ মার্চ হবে ফিফার বিশ্বকাপ পরিচালনা কমিটির পরবর্তী সভা।
উল্লেখ্য, ২০১৮ ও ২০২২ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ নির্ধারণ প্রক্রিয়া শুরু হয় ২০০৯ সালে। প্রাথমিকভাবে ৯টি দেশের নাম থাকলেও, পরের বছর ফিফা নির্বাহী কমিটির ভোটে ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজনের গ্রিন কার্ড পায় রাশিয়া।


