২৫ থেকে ৩১ জুলাই পর্যন্ত বর্তমান রাশিচক্রে মঙ্গলগ্রহ নিচস্থ হয়ে কর্কট রাশিতে এবং শুক্র গ্রহ নিচস্থ হয়ে কন্যা রাশিতে অবস্থান করছে। এছাড়া শুক্রগ্রহ বক্রি অবস্থায় রয়েছে। মানবজীবনে প্রভাববিস্তারকারী এ গ্রহগুলি এসময় অশুভ স্থানে থাকায় রাশিচক্র অনুযায়ী কেউ কেউ নানারকম প্রতিকূল অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন। অশুভ মঙ্গল নানারকম দুর্ঘটনা ও রক্তপাতের কারণ।
অশুভ শুক্র নতুন প্রেম, রোমাঞ্চ ও বিয়ের ক্ষেত্রে বাধার কারণ হতে পারে। দাম্পত্য সম্পর্কে মতের অমিল কিংবা ভুল বোঝাবুঝি দেখা যেতে পারে। এ ধরনের ঘটনায় উত্তেজিত অবস্থায় সিদ্ধান্ত গ্রহণ দীর্ঘকালীন মানসিক অশান্তির কারণ হতে পারে। কারণ যে কথা একবার বলা হয় তা ফিরিয়ে নেওয়া যায় না। তাই কথা বলুন বুঝে শুনে। অন্যথা চুপ থাকুন কিংবা ঝগড়া-বিবাদ এড়াতে কথার প্রসঙ্গ বদলে ফেলুন।
সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি কথাটি অবশ্যই মনে রাখুন। শুভকামনা রইল সবার জন্য।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) ভুল সিদ্ধান্ত জীবনের সুন্দর মুহূর্তগুলো ম্লান করে দেয়। তা হতে পারে ব্যবসায়িক কিংবা পারিবারিক। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভেবে নিন। কোনো সম্পর্কে তিক্ততা দেখা যেতে পারে। মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে। কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পেশাসংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়বে। কাজে বিলম্ব হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১মে) অংশীদারিত্বের ভিত্তিতে কোনো কাজ করার জন্য পরিকল্পনা হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথা হতে পারে। ব্যয় বাড়তে পারে। খেয়ালীপনার জন্য কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। প্রতিটি কাজ হাতে সময় নিয়ে শুরু করুন। প্রবাস থেকে কোনো সংবাদ পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে তীর্থ ভ্রমণের যোগ রয়েছে। যোগাযোগমূলক কাজে সতর্কতা অবলম্বন করুন। প্রেমের সম্পর্কেও কথা বলতে হবে বুঝে শুনে। অন্যথায় ভোগান্তিতে পড়তে হতে পারে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) শারীরিক কিংবা মানসিকভাবে অসুস্থ থাকতে পারেন। মেজাজ ফুরফুরে রাখতে নিজের পছন্দনীয় কাজ করুন। দেখবেন শরীরও ভালো যাবে। বিবাহযোগ্য তরুণ তরুণীদের বিয়ের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। জীবনে বড় কিছু পেতে হলে ছোট ছোট অনেক কিছু বাদ দিতে হয়। তাই বলে মন খারাপ করে সময় নষ্ট করে লাভ নেই। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ব্যবসায়িক কিংবা সামাজিক যে কোনো কাজে একক চেষ্টার চেয়ে যৌথপ্রয়াসে সাফল্যের সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) প্রেমের সম্পর্ক হচ্ছে আবেগিক। গড়তেও সময় লাগে না আবার ভাঙতেও সময় লাগে না। অভিমানী কর্কট রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য এটা কোনো সাধারণ বিষয় নয়। বর্তমান সময় দক্ষভাবে মোকাবেলা করতে হলে আপনাকে আরও বাস্তববাদী হতে হবে। কিছু বিষয়ে মন খারাপ করে বসে থাকলে শরীরটাও খারাপ হতে পারে। বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ পেতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) কোনো বন্ধুর সঙ্গে সাক্ষাত পেতে পারেন। সামাজিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। আপনার আয়ের সঙ্গে সঙ্গতি রেখে ব্যয় করুন। পাওনা আদায় বিলম্বিত হতে হতে পারে। গৃহে অতিথি আসতে পারে। আপনার মেজাজ ফুরফুরে থাকবে। তবে নিজের শরীরের যত্ম নিজেকেই নিতে হবে। কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) যোগাযোগে বিভ্রান্তি ঘটতে পারে। কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে হাতে সময় নিয়ে বের হোন। মোবাইল, ফার্নিচার কিংবা স্থাবর সম্পত্তি কেনাকাটার পরিকল্পনা হতে পারে। প্রেমের সম্পর্কে বৈরিতা দেখা যেতে পারে। সন্দেহপ্রবণতা আপনাকে মানসিকভাবে অস্থির করে তুলতে পারে। হীনসার্থ লাভের জন্য নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেবেন না।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) লোকে বলে কর্মফল বৃথা যায় না। আর তাই ধৈর্য হারা হলে চলবে না। পেশাগত কারণে কারও কাছে ছোট হওয়া লাগতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। পাওনা অর্থ আদায়ে বিড়ম্বনায় পড়তে পারেন। যোগাযোগমূলক কাজে সাফল্য পাবেন। যত বেশি যোগাযোগ করবেন তত ভালো খবর লাভের সম্ভাবনা বেশি। গৃহসামগ্রী কিংবা স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) আপনার হাতে নগদ অর্থের প্রবাহ বাড়তে পারে। পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য সময়টি বেশ সম্ভাবনাময়। বিশেষ করে যারা লৌহজাতীয় পণ্যের ব্যবসায়ে নিয়োজিত। কোষ্ঠকাঠিন্য কিংবা আথ্রাইটিসের সমস্যা বেড়ে যেতে পারে। যোগাযোগমূলক কাজে সাফল্য পেতে পারেন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্যক্ষেত্রে বিয়ের কথা হতে পারে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) হিসেবি হওয়া দোষের কিছু না। তবে কৃপণতা করা ভালো না। আপনার সঞ্চয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। তবে ব্যয়ও বাড়তে পারে। কারও অসুস্থতার খবর পেতে পারেন। কারাবন্দী কোনো স্বজনের দেখা পেতে পারেন। প্রাপ্তিযোগ রয়েছে, তা হতে পারে অর্থ কিংবা অন্য যে কোনো মাধ্যমে। অল্প কথায় অনেক কাজ হবে যদি জায়গা বুঝে কথা বলতে পারেন। গুপ্ত বিষয়ের প্রতি আ্গ্রহ বাড়তে পারে। এক্ষেত্রে নিজেই নিজেকে পর্যবেক্ষণ করুন। মানসিক চাপ বাড়তে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) আপনার কোনো ইচ্ছা পূরণ হতে পারে। তবে সেজন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কারণ সুযোগ সবসময় দরজায় আস্তে করে টোকা দেয়। বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। আপনার ব্যয় বাড়তে পারে। ভালো কাজের চেয়ে অযাচিত ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন কোনো ব্যবসায়ের পরিকল্পনা করতে পারেন তবে এখনই ব্যবসায়ে নামা ঠিক না-ও হতে পারে। দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। অসুস্থ কাউকে দেখতে যেতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) পেশাগতকাজে দায়িত্ব বাড়তে পারে। কেউবা নতুন চাকুরির খোঁজ পাবেন। আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পরিবারে বয়স্ক কারও সহযোগিতা লাভ করতে পারেন। গোপন কোনো বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। প্রযুক্তির অপব্যবহারে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অসুস্থ কাউকে দেখতে যাওয়ার প্রয়োজন হতে পারে। পছন্দের কোনো কেনাকাটায় অভিজ্ঞ কাউকে সঙ্গে নিন। নাহলে ভূয়া পণ্যের ফাঁদে পা দিতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) প্রবাস থেকে কোনো সংবাদ পেতে পারেন। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার বিষয়ে ব্যস্ততা বাড়তে পারে। কাজের পরিবেশ অনুকূল থাকবে। পেশাগত কাজে দায়িত্ব বাড়তে পারে। প্রেমের সম্পর্কে টানাপোড়েন দেখা যেতে পারে। ব্যাকপেইন কিংবা আথ্রাইটিসের সমস্যা বাড়তে পারে। অসুস্থ মায়ের খোঁজখবর নিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।



Leave a Reply