১৫ বছর বয়সীদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিবন্ধন নিয়ে প্রশ্ন তুলেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এ ছাড়া সর্বশেষ ভোটার তালিকায় নারী-পুরুষের ব্যবধানে উদ্বেগ প্রকাশ করে নারী ভোটারের সংখ্যা কেন কমছে, সেটা খতিয়ে দেখার দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার ২৫ জুলাই ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, ২০০৮ সালে দেশের ভোটার সংখ্যা ছিল ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন। পুরুষের চেয়ে নারী ভোটার বেশি ছিল ১৪ লাখ ১৩ হাজার। এর পর থেকে হালনাগাদ ভোটার তালিকায় নারীদের সংখ্যা ক্রমশ কমেছে। ২০১৩ সালের হালনাগাদ শেষে দেখা যায়, নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটার ২ লাখ ৯১ হাজার বেশি। ২০১৫ সালে পুরুষের তুলনায় নারী ভোটার ৭ লাখ ৪ হাজার জন কম।
৬৪টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান দেখা যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার ও ভোলায়। আদমশুমারি অনুযায়ী, নারী ও পুরুষের সংখ্যা কাছাকাছি। যে কারণে ভোটার তালিকার এই ব্যবধান প্রশ্নবিদ্ধ। অভিযোগ উঠেছে, তথ্যসংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাননি বলেই নারী ভোটার কমে গেছে।
লিখিত বক্তব্যে বদিউল আলম আরও বলেন, সংবিধানে ১৮ বছর বয়স হলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলা আছে। কিন্তু নির্বাচন কমিশন এবার ১৫ বয়সীদেরও নিবন্ধন আওতায় নিয়ে এসেছে। ‘তাদের এই সিদ্ধান্ত বোধগম্য নয়।’
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ভোটার তালিকায় নারী-পুরুষের ব্যবধান উদ্বেগজনক নয়। তবে কেন কমছে, সেটা খতিয়ে দেখা যেতে পারে। কমিশন ইচ্ছাকৃতভাবে নারীদের বাদ দিয়েছে বলে মনে হয় না। অভিজ্ঞতা বলে, পাড়াগাঁওয়ে পুরুষশাসিত সমাজে নারীরা ভোটার হতে চান না।’ তিনি আরও বলেন, ১৫ বছর বয়সীদের ভোটার করার আইনি ভিত্তি কী, তা নিয়ে আরও প্রশ্ন উঠতে পারে। কারণ, এদের ভোটার করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। তবে ভোটার তথ্য ফরম ছাড়া অন্য কোনো ফরমে নিবন্ধন করা হলে সমস্যা নেই বলে তিনি উল্লেখ করেন।
গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, এই নির্বাচন কমিশনের পক্ষে ইউনিয়ন পরিষদের নির্বাচনও সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। তার চেয়ে ছাত্রলীগ-যুবলীগকে দায়িত্ব দিলে তারা অনেক ভালো নির্বাচন করতে পারবে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, যে জেলায় নারী ভোটার কমেছে, সেখানে তদন্ত করে ব্যবস্থা নিলে সমস্যার সমাধান হতে পারে।
নারী নেত্রী সালমা খান বলেন, দক্ষিণ এশিয়ায় নারীদের গড় আয়ু বেশি। দুর্ঘটনায় নারী মারা যাচ্ছে, সেই রকম কোনো সংবাদও দেখি না। তাহলে নারী ভোটার কেন কমছে?
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান ও মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আলী ইমাম মজুমদার প্রমুখ।


