উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে ৯ আগস্ট (রবিবার)। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানায়।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ৮ ও ৯ আগস্ট আমরা এইচএসসির ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফল প্রকাশের জন্য ৯ আগস্ট সময় দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘ফল প্রকাশের দিন প্রধানমন্ত্রী দুটি কলেজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাববদের সঙ্গে কথা বলবেন। রবিবার বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে বসে এ দুটি কলেজ নির্ধারণ করা হবে।’
ফল প্রকাশের নিয়ম অনুযায়ী, শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেন। এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ওই কর্মকর্তা বলেন এইচএসসির ফল প্রকাশের ক্ষেত্রেও এবার এ নিয়ম অনুসরণ করা হবে।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ ও ছাত্রী ৫ লাখ ২ হাজার ৮৯১ জন। এবার ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা ১১ জুন শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে শেষ হয় ২২ জুন। তবে ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের (২৮ এপ্রিল) কারণে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে ২, ৪ ও ১৬ মে তারিখে অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


