ভারতের সংসদ লোকসভার লাইব্রেরির মতো করে লাইব্রেরি ব্যবস্থাপনা করতে চায় বাংলাদেশ। এই কারণে লোকসভার লাইব্রেরি দেখতে নয়াদিল্লি গেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল।
বাংলাদেশ জাতীয় সংসদের লাইব্রেরি আধুনিকায়ন ও ডিজিটাইজেশনে অভিজ্ঞতা নিতে সফরকালে তারা ভারতের লোকসভার লাইব্রেরি ও মিউজিয়াম পরিদর্শন করবেন।
সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস জানান, রবিবার ২৬ জুলাই সকালে তারা ঢাকা ছেড়েছেন। সফর শেষে আগামী ৩০ জুলাই প্রতিনিধিদলের সদস্যদের ঢাকা ফেরার কথা রয়েছে।
প্রতিনিধি দলে রয়েছেন সংসদ সদস্য আব্দুল মান্নান, সাইমুম সরওয়ার কমল, কাজী রোজী, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (আইপিএ) আ ই ম গোলাম কিবরিয়া, ডেপুটি স্পিকারের একান্ত সচিব মো. আবু আল হেলাল, পরিচালক (গ্রন্থাগার ও গবেষণা) মোহাম্মদ নাসির উদ্দিন, তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোমেন চৌধুরী, সহকারী প্রধান স্থপতি আশেক-ই-এলাহী চৌধুরী, নির্বাহী প্রকৌশলী সৈয়দ জিয়াউল আহ্সান, পরিচালক (সিস্টেম ম্যানেজমেন্ট) আ ন ম খলিলুর রহমান খান, উপ-পরিচালক (গ্রন্থাগার) বেগম জেব-উন-নেসা, গবেষণা ও শিক্ষা কর্মকর্তা শাহীনূর আলম।
ব্যক্তিগত খরচে এই সফরে ডেপুটি স্পিকারের সঙ্গী হয়েছেন তার স্ত্রী আনোয়ারা রাব্বীসহ পরিবারের সাত সদস্য। আলাদাভাবে তারা ৩১ জুলাই দেশে ফিরবেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


