বুধবার ৪ নভেম্বর ২০২৬

পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে এমপি সুকুমারের বিক্ষোভ

Sukumar-ranjanসুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মুন্সীগঞ্জের যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার বাড়িতে পুলিশের অভিযান চালানোর প্রতিবাদে ওই পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন মুন্সীগঞ্জের শ্রীনগরের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ।

রবিবার ২৬ জুলাই দুপুরে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা-দোহার সড়কে পোস্ট অফিস সংলগ্ন সহকারী পুলিশ সুপার কার্যালয়ের সামনে বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এ সময় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ আগামী ১৫ দিনের মধ্যে সহকারী পুলিশ সুপার সামশুজ্জামানকে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন।

শনিবার রাত ৩টার দিকে পুলিশ শ্রীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ ও উপজেলার পাটাভোগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ মো. অনিকের বাসায় তল্লাশী চালায়। এ সময় তারা বাসায় ছিলেন না।

এ ব্যাপারে সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বলেন, ‘সরকার আমাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের। আমি তার সংসদ সদস্য। আমি পুলিশের বিরুদ্ধে যাব কেন?’

তিনি বলেন, ‘আমি কোনো বিক্ষোভে যাইনি। আমার কোনো কর্মসূচি ছিল না। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দলীয় কর্মীদের দেখতে পাই। গাড়িতে ছিলাম।’

১৫ দিনের মধ্যে মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপারকে প্রত্যাহারের আলটিমেট সর্ম্পকে আওয়ামী লীগ এই নেতা বলেন, ‘আংশিক সঠিক।’

অনিক সম্পর্কে তিনি বলেন, ‘অনিক ভাল ছেলে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।’

সাংবাদিকদের উদ্দেশে সরকারদলীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বলেন, ‘শোনেন আমি সাংবাদিকদের সাথে কম কথা বলি। আমি পুলিশের বিরুদ্ধে না। আমার অভিযোগ পুলিশের ভেতর ড্রেস পরা একজনের বিরুদ্ধে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আইজি, পুলিশ সুপার সবার সাথে কথা বলেছি।’

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিম মাসুদ জানান, নেছার উল্লাহ ও মো. অনিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অনিক এলাকায় ১০/১২ জন ছেলে নিয়ে ডিবির মতো ঘুরত। আর ভয়ভীতি প্রদর্শন করত।

এ ব্যাপারে মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার সামশুজ্জামান বলেন, ‘সরকারদলীয় ওই দু’নেতার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। চোরাই মোটরসাইকেল ধরলে সেই পুলিশ অফিসারকে ফোনে গালাগালি করতেন। প্রভাব খাটিয়ে তা ছাড়িয়ে নিতেন।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন