বুধবার ৪ নভেম্বর ২০২৬

এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ শুরু ১৬ আগস্ট: ব্যাংককে চুক্তি

Elevated-expresswayঢাকা শহরের যানজট নিরসনে বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ শুরু হবে আগামী ১৬ আগস্ট। একই দিনে নির্মাণ প্রতিষ্ঠানকে প্রকল্পের জমি হস্তান্তর করা হবে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে রবিবার ২৬ জুলাই সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নির্মাণ প্রতিষ্ঠান ইটাল-থাই কোম্পানির চেয়ারম্যান প্রেমচাই কার্নাসুতার সঙ্গে আলোচনায় এ সিদ্ধান্ত হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি ভিত্তিক) নির্মিত হতে যাচ্ছে। প্রকল্পের আওতায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী হয়ে তেজগাঁও-মগবাজার-কমলাপুর-কুতুবখালী পর্যন্ত ২০ কিলোমিটার উড়াল সড়ক নির্মিত হবে। সংযোগ সড়কসহ এর দৈর্ঘ্য হবে প্রায় ৪৬ কিলোমিটার। যাতে ব্যয় হবে প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা।

রাজধানীর যানজট নিরসনে ২০০৯ সালে ২৬ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেয় মহাজোট সরকার। আট হাজার ৭০৩ কোটি ১২ লাখ টাকার এ প্রকল্পে মোট ব্যয়ের ৭৩ শতাংশ বিনিয়োগকারী ও ২৭ শতাংশ সরকারের বহন করার কথা। এ জন্য থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানির সঙ্গে ২০১১ সালের ১৯ জানুয়ারি চুক্তি হয়। ওই বছর ৩০ এপ্রিল প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন কমপক্ষে ১৩ হাজার ৫০০ যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করবে বলে প্রাথমিক সমীক্ষায় ধরা হয়। পর্যায়ক্রমে এ সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথাও বলা হয় তখন।

২০১১ সালের জুলাইয়ে শুরু হয়ে ২০১৩ সালের ডিসেম্বরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তী সময়ে এর কাজ আর এগোয়নি, বেড়েছে ব্যয়।

শনিবার ২৫ জুলাই রাত সাড়ে দশটায় সড়ক পরিবহন মন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। সফরকালে ওবায়দুল কাদের জাপানের সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এ ছাড়া জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) ও জাপানের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন