বুধবার ৪ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

yabaআশুলিয়ায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

২৫ জুলাই শনিবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার ও তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মাইক্রোবাসের চালক মো. আব্দুল আলিম শেখ (৫০) ও শ্যামলী পরিবহনের হেলপার মো. শাহজাহান আলী (৩৬)।

র‌্যাব সূত্র জানায়, অভিযানকারী দলটি জানতে পারে চট্টগ্রাম থেকে একটি মাইক্রোবাসযোগে ঢাকা হয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে মাদক চালান যাবে। এই তথ্যের ভিত্তিতে শনিবার রাতে মাইক্রোবাসটি ঢাকা উত্তরার ৫ নম্বর সেক্টরে পৌঁছলে র‌্যাবের দলটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি চালায়। তল্লাশির পর কোনো মাদকদ্রব্য খুঁজে না পাওয়া মাইক্রোবাসের চালক আব্দুল আলিম শেখকে জিজ্ঞাসাবাদের জন্য গাড়িসহ র‌্যাব-১-এর কার্যালয়ে আনা হয়। একপর্যায়ে সে স্বীকার করে এ পর্যন্ত সে একাধিকবার বিপুল পরিমাণ মাদক আন্তঃজেলা বাস পরিবহনের চালক এবং হেলপারদের সাথে আঁতাত করে পাচার করেছে।

র‌্যাব সূত্র আরো জানায়, উদ্ধারকৃত চালানটি চাঁপাইনবাবগঞ্জের মাদক ব্যবসায়ী নূরু (৪৫) এবং আক্তারের কাছে পৌঁছানোর কথা ছিলো। বিনিময়ে তারা আর্থিকভাবে বেশ লাভবান হতো। আইনশৃংখলা বাহিনীর চোখ এড়ানোর জন্য সে নিজে মাদক চালানটি না এনে শ্যামলী পরিবহনের বাসে মাথার ওপরে ল্যাগেজ রাখার স্থানে স্পিকারের ভেতর অভিনব পন্থায় চালানটি আনে। এ সময় গাড়ীতে ৫টি কালো প্যাকেটে ৫০ হাজার পিস ইয়াবাসহ মাদক চালানে জড়িত বাসের হেলপারসহ ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জের আশেপাশের এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদক চালান করে আসছিলো।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন