বুধবার ৪ নভেম্বর ২০২৬

৫২ মামলায় বিএনপির ৩ নেতাকে আত্মসমর্পণের নির্দেশ

anwar-mintu-aman_2গতবছরের ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তিতে চলতি বছর সরকারবিরোধী আন্দোলনের সময় ঢাকা শহরের বিভিন্ন থানায় নাশকতার ৫২ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম. কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু ও বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করে তাদের আগামী এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের জামিন বহাল রাখেন আদালত।

সোমবার ২৭ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ বিচারপতির বেঞ্চ জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের নিষ্পত্তি করে এ আদেশ দেন।

আদেশে তিন আসামিকে নিম্ম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া নিম্ন আদালতকে প্রতিটি মামলা আলাদাভাবে দেখার আদেশ দেন আপিল বিভাগ।

গত ৯ জুলাই বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ বিএনপির এই চার নেতাকে চার সপ্তাহের আগাম জামিন দেয়।

বিএনপি নেতাদের মধ্যে আমান গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পল্টন, শাহবাগ, মিরপুর ও মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানার ৪২টি মামলায় আগাম জামিন পান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিন পান নয়টি মামলায়। এর মধ্যে ঢাকার পল্টন থানায় পাঁচটি, যাত্রীবাড়ী ও খিলগাঁও থানার একটি এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দুটি মামলা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু আগাম জামিন পান পল্টন থানার এক মামলায়। আর তরিকুল ইসলাম যশোরের চার মামলায় চার সপ্তাহের আগাম জামিন পান।

রাষ্ট্রপক্ষ তাদের জামিনের আদেশ স্থগিতের আবেদন করলে গত সপ্তাহে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ২৭ জুলাই দিন ঠিক করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

বিএনপি নেতাদের পক্ষে আপিলের শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সাজ্জাদ হায়দার ও অ্যাডভোকেট ছগির হোসেন লিয়ন। অপরপক্ষে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন