সাবেক রাষ্ট্রপতি ও সরকারের শরিক হয়েও বিরোধী দলে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জাতিসংঘের একটি পদক পেয়েছেন। সেটি গ্রহণ করতে আগামী ২ আগস্ট নিউইয়র্কের পথও ধরবেন তিনি। আগস্টের প্রথম সপ্তাহে পুরস্কারটি এরশাদকে প্রদান করা হবে বলে জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারা জানান।
যদিও সাবেক এই রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান জাতিসংঘের কী পুরস্কার পেয়েছেন সে বিষয়টি কেউই পরিষ্কার করতে বলতে পারেননি।
আগামী ২ আগস্ট এরশাদ যুক্তরাষ্ট্রের উদ্দেশ ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন বলে জাপা সূত্রে জানা গেছে।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘স্যার (এরশাদ), একটি পুরস্কার গ্রহণ করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। পরে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারবো।’
এ বিষয়ে এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় সোমবার দুপুরে বলেন, ‘স্যারের বিদেশ যাওয়ার কথা রয়েছে।’
জাতীয় পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া বলেন, ‘স্যার (এরশাদ) জাতিসংঘের একটি পুরস্কার গ্রহণ করতে যুক্তরাষ্ট্রে যাবেন।’
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


