যেকোনো নামের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। বলেছেন, আপনি দাবি করেন। করতে পারেন। তবে কোনো দিন আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। তত্ত্বাবধায়কের মতো কোনো সরকারও ফিরে আসবে না। আপনাকে নির্বাচন করতে হলে শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে হবে।
২৭ জুলাই সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে তোফায়েল বলেন, আপনাকে নির্বাচন করতে হলে শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে হবে। সেটাও ২০১৯ সালে হবে। আপনি চেষ্টা করতে পারেন। আপনার আন্দোলন অতীতে সফল হয় নাই। ভবিষ্যতেও হবেও না।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, বেগম খালেদা জিয়া রাজনীতির হিসাব মানেন না। তিনি ২০১৩ সাল থেকে অনবরত আন্দোলন করে অনেক মা-বাবার কোল খালি করেছেন। ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। কারণ তিনি নির্বাচন করবেন না। পাঁচটি সিটিতে জয়ী হয়েও জাতীয় নির্বাচন করেন নাই। শেখ হাসিনার লক্ষ্য নির্ধারিত। তিনি সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন করবেন, করেছেন। নির্বাচন না হলে আজকে বাংলাদেশে সামরিক শাসন থাকত।


