বাংলাদেশের মাঠ প্রশাসনের সমন্বয়কারী ৬৪ জেলা প্রশাসক (ডিসি)’দের নিয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আজ মঙ্গলবার ২৮ জুলাই শুরু হচ্ছে। সম্মেলনে ৬৪টি জেলার ডিসিরা ২৫৩টি সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য সরকারের নীতিনির্ধারকদের কাছে তুলে ধরবেন। মন্ত্রিপরিষদ বিভাগে লিখিতভাবে এসব প্রস্তাব জমা দিয়েছেন তারা।
কয়েক বছর ধরে ডিসি সম্মেলনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বাড়ানোর দাবিই আলোচনার মুখ্য বিষয় ছিল। কিন্তু এবারের সম্মেলনের আগে এই দাবি মেনে নিয়ে গত মাসে (জুন) ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বাড়িয়ে আইনের খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা।
এর ফলে দোষ স্বীকার না করলেও ম্যাজিস্ট্রেট চাক্ষুষ ঘটনা, সাক্ষীদের বক্তব্য ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে সাজা দিতে পারবেন।
ডিসি সম্মেলন উপলক্ষ্যে মন্ত্রিপরিষদ-সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেছেন, মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের সম্মেলনে ২২টি অধিবেশন হবে। এর মধ্যে ১৮টি কার্য অধিবেশন হবে। যেখানে তিন দিনে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কে বিভিন্ন ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।
আলোচনায় প্রাধান্য পাবে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচির বাস্তবায়ন, ই-গর্ভনেন্স, স্বাস্থ্যসেবা ও শিক্ষার বিভিন্ন বিষয়।
সম্মেলনের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকেরা।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বলেছে, এবার সবচেয়েবেশি প্রস্তাব এসেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কে, ২৫টি। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কে ২৪টি প্রস্তাব দিয়েছেন ডিসিরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় সীমান্তে বিভিন্ন সমস্যা ও সমাধানের প্রস্তাব তুলে ধরা হয়েছে।
পঞ্চগড়, মাগুরা ও শরীয়তপুরের ডিসিদের প্রস্তাবে বলা হয়েছে, বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমে পর্যাপ্ত উপকরণ নেই। এ জন্য ঠিকমতো শিক্ষা দেওয়া যাচ্ছে না। তাঁরা পর্যাপ্ত উপকরণ চেয়েছেন।
কিশোরগঞ্জের ডিসি বলেছেন, কোনো কোনো বিদ্যালয়ে ৯০ থেকে ১০০ জন পর্যন্ত শিক্ষার্থীকে একটি শ্রেণিকক্ষে পড়ানো হয়। ফলে মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি প্রয়োজনীয় শিক্ষক দেওয়ার প্রস্তাব করেছেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের প্রস্তাব করেছেন নাটোরের ডিসি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


