যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা নিউইয়র্কের লং আইল্যান্ডের বেলমন্ট লেক পার্কে ২৬ জুলাই রবিবার বনভোজনের আয়োজন করে।
নিউইয়র্কের বিভিন্ন এলাকায় বসবাসরত বড়লেখা, জুড়ী, কুলাউড়া ও বিয়ানী বাজারবাসীরা এতে অংশ নেন। তারা সংখ্যায় ছিলেন প্রায় এক শ। তাদের জীবনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে দিনটি। উপস্থিত প্রবাসীদের পদচারণ ও কলকাকলীতে উৎসবমুখর হয়ে উঠেছিল মনোরম পরিবেশে বেষ্টিত পার্কের সবুজ চত্বর। বড়লেখা মোহাম্মদ নগর পয়লয়ান বাড়ির উদ্যোগে এই বনভোজন অনুষ্ঠিত হয়।
প্রবাস জীবনের নানা ব্যস্ততাকে পেছনে ফেলে উপস্থিত সবাই ছুটে এসেছিলেন প্রাণের টান ও শেকড়ের সন্ধানে আপনজনদের সঙ্গে মিলিত হওয়ার স্বপ্নে বিভোর হয়ে। দীর্ঘদিন পর দেখা সাক্ষাতে জম্পেশ আড্ডা, ছোট-বড়দের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের সুইসুতা-বালিশ খেলা, হাড়িভাঙা, রশি টানার প্রতিযোগিতায় মেতে ওঠেন বনভোজনে অংশগ্রহণকারীরা।
এ ছাড়া পুরুষদের বিপুল প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল ম্যাচ ও ঐতিহ্যবাহী মোরগের লড়াই উপস্থিত সকলের অন্তরে প্রাণের সঞ্চার করে।
অংশগ্রহণকারীরা আত্মীয়স্বজন, প্রিয়জন, বন্ধু, সহকর্মী, এলাকাবাসী সবাইকে একসঙ্গে পেয়ে দিনভর আনন্দ উল্লাস, স্মৃতিচারণ, গল্পগুজব, খেলাধুলা, গান-বাজনা করে কাটিয়েছেন পুরো দিনটি।
এ ছাড়া বিভিন্ন জনের ঘর থেকে রান্না করে আনা সুস্বাদু খাবার ও মুখরোচক চটপটি ছিল আয়োজনে বাড়তি আকর্ষণ।
বনভোজনে সমবেতরাবনভোজন ও মিলনমেলায় অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য যারা যোগ দিয়েছিলেন তারা হলেন; মো. আজাদ উদ্দিন, মো. আবু সাঈদ, মো. ফখরুল হোসেন, মো. আবু সায়েম, আহমদুল হক, তুতিউর রহমান, মহিউদ্দিন, সৈয়দ ইকবাল আহমেদ, হাফিজ উদ্দিন, মুমিনুর রহমান ও আবদুস সালাম প্রমুখ।
দিনব্যাপী খেলাধুলা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা। এ ছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ র্যাফেল ড্রতে ভাগ্যবান পাঁচজন বিজয়ী যথাক্রমে আবিদুল হক, লাবিবা হোসেন, মালিহা সায়েম, মাহিসা সায়েম ও নাঈব রহমানের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন শিক্ষানুরাগী ও সমাজসেবক সফাত খান। অনুষ্ঠান শেষে ছোটবড় সবাই রং ছিটিয়ে হলি খেলায় মেতে ওঠেন।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক মো. আবু সায়েম বলেন, আমেরিকায় বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্ম ও পুরাতন প্রজন্মের মাঝে পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করার পাশাপাশি আমাদের দেশীয় কৃষ্টি-সংস্কৃতি চর্চা ও সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই আমাদের এ আয়োজনের লক্ষ। সবাইকে অনেক ধনবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এ আয়োজনকে সার্থক করার জন্য। ভবিষ্যতে আরও বড় ধরনের আয়োজন করা হবে।


