আগামী ১৮ সেপ্টেম্বর দেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ জুলাই মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএসের প্রথম বর্ষে ভর্তি নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও চিকিৎসা শিক্ষা) আইয়ুবুর রহমান খান জানান, মেডিকেলে ভর্তি পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই সময়ে প্রতি শুক্রবারে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা থাকায় আর আমরা সময় পাচ্ছি না। ১৮ সেপ্টেম্বর ছাড়া ১৩ নভেম্বর শুক্রবার পাওয়া যায়, যেদিন অন্য কোথাও ভর্তি পরীক্ষা নেই। তবে মন্ত্রীর নেতৃত্ব আগামী মাসে আরও একটি সভা হবে। ১৮ সেপ্টেম্বরই আমরা পরীক্ষা নিতে চাচ্ছি। ভর্তির অন্যান্য বিষয়গুলো গত বছরের মতো থাকছে বলেও জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন এক কর্মকর্তা জানান, এ বছরও আবেদন ফি ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবারও লিখিত পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
সভায় শিক্ষা মন্ত্রণায়ের প্রতিনিধি, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন, বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
উল্লেখ্য, আগামী ৯ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে।


