মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

মেয়েদের বিয়ের বয়স ১৮ই, কােনো নড়চড় নয় : চুমকি

chumkiমেয়েদের বিয়ের বয়স সম্পর্কে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন না করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বলেছেন, মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর ছিল, ১৮ বছরই থাকবে। এতে কোনো নড়চড় হবে না।

২৮ জুলাই মঙ্গলবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে ব্র্যাক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

চুমকি বলেন, বাল্যবিয়ের কারণগুলো চিহ্নিত না হলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। এ বিষয়টি বিবেচনায় রেখেই বর্তমান সরকার সমস্যার মূলে হাত দিয়েছে। এগুলো বিবেচনায় রেখেই আইন প্রণয়ন করা হচ্ছে। তাই বিবাহসংক্রান্ত আইনের ‘তবে’ এবং ‘কিন্তু’র প্রশ্ন তুলে আপনারা আর দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। এতে আমাদের পিছিয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে।

প্রতিমন্ত্রী বলেন, আজ এই সমাবেশে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন এই সরকার নারীবান্ধব সরকার। নারীর ক্ষমতায়নকে এই সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে। এই সরকারের আমলে নারীবিরোধী কোনো আইন হবে না। হতে পারে না।

বাল্যবিবাহ বন্ধে নোটারি পাবলিকের এফিডেভিট বাতিল করা হবে উল্লেখ করে চুমকি বলেন, বিয়ের ক্ষেত্রে নোটারি পাবলিকের কোনো জন্মসনদ গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে তিনি অনলাইন জন্ম নিবন্ধন সনদ নিশ্চিতকরণের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিনিধি ও যুব সমাজের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ মুসার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মিলি বিশ্বাস, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, সিডও কমিটির সাবেক চেয়ারপারসন সালমা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমা চৌধুরী, উইমেন ফর উইমেন এর চেয়ারপারসন জাকিয়া হাসান, উন্নয়ন সহযোগী সংস্থা ডিএফআইডি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সারা কুকি এবং গণমাধ্যমকর্মী ফারজানা রূপা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *