সারাবিশ্বের সিভিল এভিয়েশনগুলোর আন্তর্জাতিক সংস্থা আইসিএও’র পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী আগামী ২৪ নভেম্বরের পর হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের কোনও সুযোগ থাকছে না। ২৫ নভেম্বর থেকে বিশ্বের যেকোনো ইমিগ্রেশনে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বাধ্যতামূলক করা হয়েছে। ঢাকায় সচিবালয়ে বুধবার ২৯ জুলাই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন জানান, আইসিএও-এর নির্দেশনা অনুযায়ী এমআরপি ছাড়া বিদেশ যাওয়া যাবে না। পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশিদেরও দেশে আসতে সমস্যা হবে। এ কারণে দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশীকে মেশিন রিডেবল পাসপোর্ট নেওয়ার জন্য বলা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন এসোসিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) এর নির্দেশ মতে এমআরপি প্রদানের অগ্রগতি সমস্যা নিয়েও আলোচনা করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আালম চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, কোনো বিমানবন্দর হাতে লেখা বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করবে না; ফলে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশের বিমানবন্দরে হয়রানির মুখে পড়তে পারেন। কারণ, আগামী চার মাসের মধ্যে আরো প্রায় ৪০ লাখ প্রবাসীকে এমআরপি দেওয়া সম্ভব নয়। তবে, যেহেতু এই সময়ের মধ্যে সবাই এক সঙ্গে দেশে আসবেন না, তাই যারা আসবেন বা যাবেন তাদের জন্য এমআরপি দেওয়া সম্ভব হতে পারে।
সূত্রের খবর, ১৬ বছর আগে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) এমআরপি করার নির্দেশনা দিলেও বাংলাদেশ সময়মতো যথাযথ উদ্যোগ নেয়নি। ১৯৯৮ সালে বাংলাদেশ সরকারও আইসিএও চুক্তিতে সই করে। চুক্তি অনুসারে ২০১০ সালের ১ এপ্রিল থেকে এমআর পাসপোর্ট ও এমআর ভিসা প্রকল্প শুর“ হয়। বাংলাদেশ সেনাবাহিনী এ প্রকল্প বাস্তবায়ন করছে। বর্তমানে দেশে ৬৪টি জেলা ও বিদেশে ৫৫টি দূতাবাস থেকে এমআরপি ও এমআরভি দেওয়া হচ্ছে। যদিও পাসপোর্ট প্রদানের জন্য বিদেশি সংস্থা আইরিসের কাজ শুরু করতে বিলম্ব করায় প্রবাসীদের পাসপোর্ট প্রদানে জটিলতা তৈরি হয়।
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সূত্র জানায়, দেশের মোট জনগোষ্ঠীর মধ্যে আড়াই কোটি নাগরিকের পাসপোর্ট আছে। এর মধ্যে প্রায় এক কোটি প্রবাসী। এমআরপি প্রকল্প চালু হওয়ার পর সাড়ে চার বছরে প্রায় ৮০ লাখ এমআরপি পাসপোর্ট পেয়েছেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।
###


