একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগে বহাল থাকায় তার দল বিএনপি হতাশ, বিস্মিত ও মর্মাহত হয়েছে।
২৯ জুলাই বুধবার বিকেলে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় ঘোষণা করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করেন।
রিপন বলেন, আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের প্রদত্ত রায় বহাল রাখায় আমরা হতাশ, বিস্মিত ও বেদনাহত হয়েছি।
বিএনপির মুখপাত্র বলেন, তার আইনজীবীদের মতো আমাদের দলও মনে করে তিনি ন্যায় বিচার লাভ করেননি। অন্যায্যভাবে তাকে মৃতুদণ্ডাদেশ দেয়া হয়েছে। আমরা এই রায়ে সংক্ষুব্ধ ও সত্যিই মর্মাহত। আমাদের দল মনে করে, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।


