ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার দিবাগত রাতে বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছেন শুল্ক বিভাগের গোয়েন্দা কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, আটক হওয়া ব্যক্তির নাম আল মামুন। তাঁর বাড়ি কুমিল্লা। তিনি মালয়েশিয়া যাচ্ছিলেন। তাঁর কাছ থেকে ১৫ হাজার ইউরো ও দুই হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত উদ্ধার করা হয়।
তিনি জানান, বুধবার দিবাগত রাতে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে করে কুয়ালালামপুর যাওয়ার সময় মামুনকে আটক করা হয়। বিমানবন্দরের ৬ নম্বর বোর্ডিং ব্রিজ পার হওয়ার সময় তাঁকে ধরা হয়।
মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


