আচমকা তামিম ইকবালের ফিরে যাওয়ার পর ইমরুল কায়েসের সঙ্গে জুটি বেঁধে সতর্কতার সঙ্গে সামনে এগুচ্ছেন মুমিনুল হক। ইতোমধ্যে দ্বিতীয় উইকেটে এই জুটির অর্ধশত রান পূর্ণ হয়েছে। এই দুই ব্যাটসম্যানের প্রতিরোধে মধ্যাহ্নভোজ পর্যন্ত বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ২৯ ওভারে এক উইকেটে ৭৫ রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বৃহস্পতিবার সকালে ইমরুলের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছিলেন তামিম (৬)। কিন্তু স্টেইন গানে বিধ্বস্ত হয়ে শুরুতেই সাজঘরে ফিরেছেন তিনি। দলীয় ১২ রানে হাশিম আমলার হাতে ধরা পড়েছেন তিনি। তামিমের উইকেট দিয়ে স্টেইনের টেস্টে ৪০০তম উইকেট পূর্ণ হয়েছে।
এর আগে সকালে টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছে মুশফিক বাহিনী। সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে সিরিজ নির্ধারণী এই টেস্ট ম্যাচটি।
বাংলাদেশ দলে চট্টগ্রাম টেস্টের একাদশ থেকে একটি মাত্র পরিবর্তন এসেছে। তাইজুল ইসলামের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন নাসির হোসেন।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলেও একটি পরিবর্তন এসেছে। কুইন্টন ডি ককের বদলে দলে সুযোগ পেয়েছেন ডেন ভিলাস। ক্যারিয়ারে প্রথম টেস্ট খেলতে মাঠে নামছেন তিনি।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, জুবায়ের হোসেন, মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা্ দল : হাশিম আমলা (অধিনায়ক), ডিন এলগার, , ফাফ ডু প্লেসি, স্টিয়ান ফন জিল, জেপি ডুমিনি, ডেন ভিলাস, ভ্যারন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল, তেম্বা বাভুমা, স্যায়মন হারমার।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


