বৃষ্টিতে সব ধুয়ে গেলেও সাংবাদিকদের নিস্তার নেই। সংবাদ সংগ্রহের জন্য তাকে ছুটতে হবেই। প্রবল বৃষ্টির কারণে মিরপুরে খেলা হচ্ছে না। সেটাও তো একটা সংবাদ। সুতরাং, জানাতেই হবে পাঠকদের।
অনলাইন সাংবাদিকদের জন্য বিষয়টা তো আরও চ্যালেঞ্জিং। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়াতে হয়। কারণ, সময়মত সংবাদটা পাঠকের কাছে পৌঁছে দেওয়াই তো আসল কাজ। না হলে যে, চ্যালেঞ্জে হেরে যেতে হবে! পাঠককে সঠিক সময়ে সঠিক সংবাদটা যে দিতেই হবে!
সুতরাং, কোমেনে সব কিছু উড়ে গেল না কি, ভেঙে পড়ল, সে দিকে তাকানোর সময় কোথায়! প্রবল বৃষ্টি উপেক্ষা করে, কাকভেজা হয়ে সকাল ৯টার আগেই ছুটে আসতে হলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে। এসেই পাঠককে জানাতে হলো, মাঠের পরিস্থিতি, খেলার অবস্থা।
এরপর আর কাজ নেই। খেলা থাকলে তো সে কি ব্যস্ততা। প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড চোখ রাখতে হয়। সংবাদ বের করে আনতে হয়। সারাক্ষণ পাঠককে আপডেট করাই যে অনলাইন সাংবাদিকদের মূল দায়িত্ব! একইরকম ব্যস্ত থাকতে হয় ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মীদেরও। প্রিন্ট মিডিয়ার কর্মীদের সে অর্থে এতটা ব্যস্ত থাকতে হয় না। সময়ের সঙ্গেও দৌড়ানোর অভিজ্ঞতা তাদের অনেক কম। সারাদিনের সব সংবাদ একত্র করে, দিনের শেষে সেখান থেকে বাছাই করা সংবাদগুলোই তারা ঠাঁই দেয় পত্রিকার পাতায়।
ঘুর্ণিঝড় কোমেনের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। শুক্রবার দিনের অর্ধেক পার হওয়ার পরও মধ্য শ্রাবণের এই বারিধারা থামার কোনো লক্ষণ নেই। ফলে খেলাই পরিত্যক্ত ঘোষণা করেছেন রেফারি ক্রিস ব্রড। সুতরাং, ঢাকা টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা কাভার করতে মিরপুরের প্রেস বক্সে আসা সাংবাদিকদের মাঝে ছিল না বাড়তি কোনো তাড়া।
তাও সবাই নয়, হাতে গোনা কয়েকজন মাত্র সাংবাদিক উপস্থিত হয়েছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে। যদি খেলা এই সময় মাঠে গড়াতো তাহলে দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম শেসনের খেলা প্রায় শেষ হয়ে যাওয়ারই কথা ছিল এতক্ষণে; কিন্তু এরমাঝে বৃষ্টির বেগ নিয়তই ওঠা-নামা করছে।
ফলে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের শেষ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বৃষ্টির কারণে দর্শকের আনা-গোনা নেই। যে কারণে সকাল থেকে মিরপুরের স্টেডিয়ামের প্রবেশপথ গুলোতেও ছিল না নিরাপত্তা কর্মীদের ব্যস্ততা। অনেকটা নিরাপত্তার কড়াকড়ি ছাড়াই পেসবক্সে প্রবেশ করেছেন সংবাদ কর্মীরা।
শুক্রবার সকাল ৯টায় মিরপুরের প্রেসবক্সে সাংবাদিকদের মধ্যে বাংলামেইলের ক্রীড়া প্রতিবেদকই সবার আগে প্রবেশ করেন। এ সময় প্রেসবক্স ছিল একেবারে ফাঁকা। কোলাহলপূর্ণ প্রেসবক্সের সে এক ভিন্নরূপ। ভিন্ন পরিবেশ। তবে কিছুক্ষণ পরই আফসার হোসেন ও নজরুর ইসলাম নামের দুই স্কোরার আসেন প্রেসবক্সে।
এরপর একে একে আসেন ইএসপিএন ক্রিকইনফো’র বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম এবং বিডিনিউজ২৪-এর সিনিয়র ক্রীড়া প্রতিবেদক আরিফুল ইসলাম রনি প্রেসবক্সে প্রবেশ করেন।
এরপর ধীরে ধীরে সাংবাদিকদের সংখ্যা বাড়তে থাকলেও তা ছিল অন্যদিনের তুলনায় খুবই সীমিত। যারা সংবাদ কাভার করতে প্রেসবক্সে এসেছেন, তাদের মধ্যে ছিল না কাজের কোনো বাড়তি তাড়া। গল্প-গুজব করেই কাটিয়ে দিতে হচ্ছে ঢাকা টেস্টে ম্যাচের দ্বিতীয় দিন।
সুলতান মাহমুদ রিপন, বাংলামেইল২৪ডটকমের স্পোর্টস রিপোর্টার।



