আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের কারণেই রাজনৈতিক দৈন্যদশায় পড়েছে বিএনপি। শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু একাডেমি ওই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনটির সহ-সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম। আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য হারুন-অর রশিদ চৌধুরী, হুমায়ুন কবীর মিজি প্রমুখ।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান আজো তাদের রাজনীতি পরিষ্কার করতে পারেননি। আর এ কারণেই বিএনপির এমন দৈন্যদশা। বিএনপির রাজনীতির চলমান ধারা অব্যাহত থাকলে আগামী ২০২০ সালের মধ্যে তারা (বিএনপি) বিলীন হয়ে যাবে।
সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, এ রায়ের প্রেক্ষাপটে বিএনপি যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তাতে পুরো জাতি হতাশ। বিএনপি বলছে, এই রায়ে সরকার রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে। ১৯৭১ সালে বিএনপি ছিল না। ১৯৭১ সালে বিএনপির হয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধ করেনি যে, সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে এ রায় দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



