বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেছেন, মানবপাচার মানবাধিকার লঙ্ঘনের চরমতম রূপ। তাই এটি বন্ধে সরকার, বেসরকারি সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাকে একযোগে কাজ করতে হবে।
শুক্রবার রাজশাহী স্থানীয় উন্নয়ন ও মানবাধিকার সংগঠন এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র কার্যক্রম পরিদর্শনের সময় তিনি একথা বলেন।
নগরীর সাগরপাড়ায় সকাল সাড়ে ১০টায় এসিডি কার্যালয়ে যান বার্নিকাট। এসময় সংস্থার সভাপতি প্রফেসর ড. চৌধুরী সারোয়ার জাহান ও নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি সংস্থার সিনিয়র কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে মিলিত হন এবং সংস্থার কার্যক্রম সম্পর্কে অবগত হন।
মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে এসিডি’র কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন। পরে তিনি এসিডি’র শেল্টার হোমের মেয়েদের উপস্থাপনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সেখানে বিভিন্ন নির্যাতনের শিকার ২২ জন শিশু এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে। মার্কিন রাষ্ট্রদূত এসিডি পরিচালিত শেল্টার হোম আনন্দ মঠ পরিদর্শণ করেন এবং শিশুদের সাথে কিছুক্ষণ সময় কাটান।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


