মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের আরোহী পুলিশ সদস্য মো. তারেক হাসান (২৬) নিহত হয়েছেন। তারেক ঢাকায় কর্মরত ছিলেন। তিনি ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার জানান, গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রামগামী একটি লোকাল বাস তারেককে চাপা দেয়। এক দিনের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
নোয়াখালীতে বাস চাপায় শিশু নিহত: সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে বাস চাপায় মো. রাশেদ (১১) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে স্থানীয় উত্তেজিত জনতা। শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে নোয়াখালী-ঢাকা সড়কের বারাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাশেদ বজরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বজরা ইউনিয়নের নোয়াখালী-ঢাকা সড়কের বারাইনগর এলাকায় রাস্তা পার হচ্ছিল রাশেদ।
এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘উপকূল এক্সপেস’এর একটি যাত্রীবাহী বাস রাশেদকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ঘটনায় ক্ষিপ্ত হয়ে উত্তেজিত জনতা প্রায় আধা ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
সোনাইমুড়ী থানার ওসি হানিফুল ইসলাম বাস চাপায় শিশু রাশেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply