মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের (সাকা) রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার বিকেল সোয়া ৪টায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি জানান।
ইমরান এইচ সরকার বলেন, ‘যত দ্রুত সম্ভব এ দুই মানবতাবিরোধী অপরাধীর সর্বোচ্চ শাস্তির রায় কার্যকর করতে হবে। আমাদের আশঙ্কার জায়গাটি হলো, রায় কার্যকর প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, এ অপরাধী চক্র তাদের ষড়যন্ত্রের জাল তত বিস্তৃত করার সুযোগ পাবে।’
তিনি বলেন, ‘আমরা দেখেছি যুদ্ধাপরাধী মুজাহিদের চূড়ান্ত রায় ঘোষিত হওয়ার পর ইতোমধ্যেই দেড় মাসের অধিক সময় অতিক্রান্ত হয়েছে। কিন্তু পূর্ণাঙ্গ রায়টি এখনো প্রকাশিত হয়নি। রায় কার্যকর প্রক্রিয়ার এ ধীরগতিতে আমরা হতাশ।’
ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা আশা করছি খুব শিগগিরই মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হবে। যার মাধ্যমে রায় কার্যকরের প্রক্রিয়া সুগম হবে।’
তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগে যে সব যুদ্ধাপরাধীর অপরাধ ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রায়ত্ত করতে হবে। এ ছাড়া দণ্ডিত অপরাধীদের পরিবারের সদস্যদের গোয়েন্দা নজরদারির ভেতরে নিয়ে আসতে হবে, যাতে করে তারা কোনো দেশবিরোধী ষড়যন্ত্র না করতে পারে।’
গণজাগরণ মঞ্চ ও এর কর্মীদের নামে নানারকম অপপ্রচার চালিয়ে তাদের সম্মানহানি ও হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালানো হচ্ছে জানিয়ে ইমরান বলেন, ‘অপপ্রচার কিংবা প্রোপাগাণ্ডা ছড়িয়ে লাভ নেই। মুজাহিদ ও সাকার মৃত্যুদণ্ড কার্যকরের আগ পর্যন্ত প্রতি শুক্রবার শাহবাগে গণঅবস্থান কর্মসূচি চলবে। গণজাগরণ মঞ্চ রাজপথে আছে। সর্বশেষ যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকরের আগ পর্যন্ত যত বাধাই আসুক না কেন, গণজাগরণ মঞ্চ রাজপথেই থাকবে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠা করেই ঘরে ফিরব।’
এ সময় আরও বক্তব্য দেন সঙ্গীতা ইমাম, ভাস্কর রাসা, জীবনানন্দ জয়ন্ত, খান আসাদুজ্জামান মাসুম প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


