চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মুনিরুল আলম (৩৮) নামের একজন নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মগধরা ইউনিয়নের জেলেপাড়ায় এ সংঘর্ষ হয়। নিহত মুনিরুল আলম মগধরা ইউনিয়নের বাসিন্দা শামসুল আলমের ছেলে। এ ঘটনায় মিজান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন সিকদার বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের সমর্থক শাহীন চেয়ারম্যান ও সমীর পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জের ধরে আজ সন্ধ্যায় মগধরা ইউনিয়নের জেলে পাড়ায় শাহীনের বেশ কয়েকজন সমর্থক ধারালো অস্ত্র নিয়ে সমীরের সমর্থক মুনিরুল আলম ও তাঁর ভাই জাহাঙ্গীর আলমের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে দুজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুনিরুলকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর চিকিৎসাধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


