সিলেটের লাইফলাইন খ্যাত সুরমা নদীর উৎসমুখ খননের দাবিতে নদীটিতে গণগোসল করেছেন পরিবেশবাদীরা। নগরীর কুশিঘাট এলাকায় সুরমা নদীতে শনিবার দুপুরে নদী বাঁচাতে এমন ভিন্নধারার আয়োজন করা হয়।
পরিবেশবাদী সংগঠন ‘সুরমা রিভার ওয়াটারকিপার’, ‘ভূমিসন্তান বাংলাদেশ’, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’ ও আন্তর্জাতিক যুব সংগঠন ‘রোটারেক্ট ক্লাব অব সিলেট-সুরমা’ এ গণগোসলের আয়োজন করে।
গণগোসলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, উৎসমুখ ভরাট হয়ে যাওয়ায় সুরমা এখন লুভা নদীর পানিপ্রবাহে টিকে আছে। কিন্তু এতে সুরমার পরিচয় ও অস্তিত্ব সঙ্কট দেখা দেবে। অমলসিদ দিয়ে সুরমা বাংলাদেশে প্রবেশ করেছে। এটি বন্ধ হলে সুরমা তার স্বাভাবিকত্ব হারাবে।
সমাবেশে সুরমা রিভার ওয়াটারকিপার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেট শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, রোটারেক্ট ক্লাব অব সিলেট সুরমার সভাপতি মোহাম্মদ হাসান তারেক ও প্রাধিকারের সভাপতি মনজুর কাদের চৌধুরী বক্তব্য দেন।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


