যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও তার স্বামী দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন গত আট বছরে তাদের মোট আয়ের বিবরণী প্রকাশ করেছেন। এতে দেখা গেছে গত আট বছরে মোট ১৪০ মিলিয়ন ডলার আয় করেছেন এই দম্পতি। খবর রয়টার্স।
গত শুক্রবার প্রকাশিত বিবরণীতে বলা হয়েছে, ২০১৩ সালে বক্তৃতা থেকে ক্লিনটন দম্পতি আয় করেছেন প্রায় ২৩ মিলিয়ন ডলার। সাধারণত প্রতি বক্তৃতায় হিলারি ২ লাখ ২৫ হাজার ডলার করে সম্মানি নিয়ে থাকেন। আর বিল ক্লিনটন নেন ১ লাখ ২৫ হাজার ডলার থেকে ৭ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত। এই আট বছরে তাদের আয়করযোগ্য উপার্জন ছিল ১১১ মিলিয়ন ডলার। একইসাথে ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেয়া করের সপক্ষেও নথি প্রকাশ করেছেন তারা।
এক বিবৃতিতে হিলারি ক্লিনটন বলেছেন, তিনি ও বিল ক্লিনটন গত বছর তাদের সম্মিলিত আয়ের ৩৫ দশমিক ৭ শতাংশ কেন্দ্রীয় কর হিসেবে জমা দিয়েছেন। এছাড়া আয়ের ৪৫ দশমিক ৮ শতাংশ জমা দিয়েছেন রাজ্য ও স্থানীয় কর হিসেবে। তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারকে প্রদেয় কর হিসেবে মোট ৪৩ দশমিক ৯ মিলিয়ন ডলার জমা দিয়েছেন তারা। এছাড়া ১৫ মিলিয়ন ডলার দেয়া হয়েছে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে।
এসময় হিলারি বলেন, ‘আমার মনে পড়ছে অতীতের দিনগুলোর কথা। আরাকানসাসে একজন তরুণ আইন কর্মকর্তা হিসেবে আমি ১৬ হাজার ৪৫০ ডলার আয় করেছিলাম। সেখান থেকে আজ যে অবস্থায় আমি এসেছি, তা যুক্তরাষ্ট্রের দেয়া সুযোগ-সুবিধার কারণেই সম্ভব হয়েছে।’
উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীতা ঘোষণা করেছেন হিলারি ক্লিনটন। এক্ষেত্রে ক্লিনটন দম্পতির আয়ের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষিতেই এই আয় বিবরণী জনসম্মুখে প্রকাশ করা হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রয়টার্স অবলম্বনে-
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


