চিত্রনায়িকা মৌসুমী-নায়ক ওমর সানীর ২১তম বিবাহবার্ষিকীর প্রথম প্রহরে শুভেচ্ছা জানাতে প্রথমেই গেলেন খলনায়ক মিশা সওদাগর।
১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ চলচ্চিত্রে ঢালিউড পায় নতুন জুটি ওমর সানী-মৌসুমী। পর পর বেশকিছু হিট সিনেমা উপহার দেন তারা। বছর দুয়েক গড়াতেই পরিণত হন বাস্তব জীবনের জুটিতে। দেখতে দেখতে কেটে গেল দুই দশক। ওমর সানী-মৌসুমীর ২১তম বিবাহবার্ষিকী রবিবার ২ আগস্ট।
এবারের বিবাহবার্ষিকীর উদযাপন শুরু হলো চমক দিয়ে। মধ্যরাতেই তাদের শুভেচ্ছা জানাতে ফুল হাতে হাসপাতালে হাজির হলেন মিশা সওদাগর।
এমনই ছবি ফেসবুকে শেয়ার করলেন ‘চাঁদের আলো’খ্যাত তারকা ওমর সানী। তিনি জানান, ছেলে ফারদিনের অসুস্থতার কারণে তারা হাসপাতালে অবস্থান করছেন। এর মাঝে রাত ১২টা বাজতে ফুল হাতে উপস্থিত হন পর্দার খলনায়ক মিশা সওদাগর।
এমন ভালবাসায় খুবই আপ্লুত ওমর সানী। তিনি লিখেন, ‘রাত ১২টা। ফারদিনকে নিয়ে এখনো হসপিটালে। কিন্তু আমাদের মুখে হাসি ফুটানোর জন্য চলে আসলো আমার বন্ধু মিশা হসপিটালে। দিজ ইজ লাভ এ্যান্ড দিজ ইজ ফ্রেন্ডশিপ।’
নিজেদের ২১তম বিবাহবার্ষিকী উল্লেখ করে তিনি সবার কাছে দোয়া চান।
ওমর সানী ও মৌসুমী জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবন্ধ হন। এ দম্পতির দুই সন্তান— ছেলে ফারদিন এহসান স্বাধীন ও মেয়ে ফাইজা। সম্প্রতি স্বাধীন ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঈদুল ফিতরে চ্যানেল আইয়ে প্রচার হয়েছে তার নির্মিত প্রথম টেলিফিল্ম ‘ডেস্টিনেশন’। এর মূল চরিত্রে ছিলেন ওমর সানী ও সুজানা। অতিথি চরিত্রে ছিলেন মৌসুমী।
বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply