উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ঢাকার ডেমরা এলাকার গোলাম মোস্তফা মডেল কলেজের পরীক্ষা কমিটির এক সদস্য এবং অন্য এক কলেজের দুই শিক্ষককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, রোববার রাতে ওই তিনজনকে আটক করা হয়।
তবে আটকদের নাম বা প্রশ্নফাঁসের অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে বলে মুনতাসিরুল ইসলাম জানান।
ফেইসবুকে যোগাযোগ করে প্রশ্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এর আগে গত ৬ জুলাই রাজধানীতে ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গতবছর এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের ব্যাপক অভিযোগের মধ্যে একটি বিষয়ের পরীক্ষা দ্বিতীয়বার নিতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। আগের রাতে ফেইসবুকে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায় প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসিতেও।
এ বছরও এইচএসসির হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার আগের রাতে ফেইসবুকে ফাঁস হওয়া নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র পরে পরীক্ষার প্রশ্নের সঙ্গে হুবুহু মিলে যায়।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



