মাপে কম তেল দেওয়ার অভিযোগে রাজধানী ঢাকার পরীবাগে মেঘনা পেট্রোলিয়ামের মালিকানাধীন পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ করছেন ক্রেতারা। পরে পুলিশ এসে পাম্পের ম্যানেজারকে আটক করে রমনা থানায় নিয়ে যায়।
শ’ খানেক ক্রেতার বিক্ষোভের মুখে সোমবার বেলা ১২টা থেকে পাম্পটি বন্ধ থাকে।
মোহাম্মদ আলী নামের এক মোটরসাইকেলের চালক অভিযোগ করেন, এই পাম্পে প্রায়ই কম তেল দেওয়া হয়। আজ এর প্রতিবাদ করায় তারা তেল দিতে অস্বীকার করে। এমনকি পরে বিএসটিআই অনুমোদিত ওজন মাপার কনটেইনার নিয়ে এসে তাতে তেল দেওয়ার অনুরোধ করলেও তেল দেওয়া হয়নি।”
পাম্পের সহকারী ব্যবস্থাপক মাহবুবুন নূর অভিযোগ অস্বীকার করে বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে তেল দিতে পারিনি। এজন্য পাম্প বন্ধ রেখেছি।”
বেলা আড়াইটার দিকে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার জসিম উদ্দিনের নেতৃত্বে শাহবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
পরে ক্রেতাদের কাছ পাওয়া অভিযোগের ভিত্তিতে মাহবুবুন নূরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


