বুধবার ৪ নভেম্বর ২০২৬

উইন্ডোজ ১০ আপডেটের নামে ছড়াচ্ছে ভাইরাস: সাবধান

২৯ জুলাই ১৯০টি দেশে একযোগে মুক্তি পায় উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। দুইদিনে প্রায় দেড় কোটি কম্পিউটারে ইনস্টল করা হয়েছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। আর এই সুযোগে ভাইরাস ছড়ানোরাও ব্যস্ত হয়ে পড়েছে।

উইন্ডোজ ১০ ফ্রি আপগ্রেডেশনের জন্য আসা মেসেজে ক্লিক করলেই ভাইরাস ছড়িয়ে পড়ছে। উইন্ডোজ ১০-এর বদলে ইনস্টল হচ্ছে ম্যালওয়ার। এ বিষয়ে সতর্ক থাকার জন্য উইন্ডোজ ব্যবহারকারীদের অনুরোধ জানিয়েছে প্রযুক্তিবিষয়ক মার্কিন প্রতিষ্ঠান সিসকো। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।

ভাইরাসটি ছড়ানো হচ্ছে অত্যন্ত চালাকি করে। উইন্ডোজ ১০ আপগ্রেডেশনের মতো হুবহু গ্রাফিকস দিয়ে মেইল আইডিতে পাঠানো হচ্ছে আপগ্রেড করার ম্যাসেজ। মেইলের সাবজক্টে লেখা থাকছে ‘উইন্ডোজ ১০ ফ্রি আপডেট’। আর সে কারণেই ধোঁকা খেয়ে ভাইরাসের পাল্লায় পড়ছেন ব্যবহারকারীরা।

সিসকো বলছে, গ্রাফিকসের দিক থেকে মিল থাকলেও মেসেজটির টেক্সট-এর দিক থেকে রয়েছে পার্থক্য। আর সেখান থেকেই ম্যালওয়ারটি চিহ্নিত করেছেন কিছু ব্যবহারকারী।

এই ভাইরাস কারা, কোত্থেকে ছড়াচ্ছে সেটি খুঁজে বের করার চেষ্টা করছে সিসকো। তবে হ্যাকাররা খুবই ধূর্ত হওয়ায় ভাইরাসটির উৎস খুঁজে বের করতে হিমশিম খেতে হচ্ছে। তাই উইন্ডোজ ১০-এর ফ্রি আপগ্রেডেশনের কোনো মেসেজে ক্লিক না করতে ব্যবহারকারীদের অনুরোধ করেছে সিসকো।

সহজে আপগ্রেড করুন উইন্ডোজ ১০:
উইন্ডোজ ১০-এ আপগ্রেডের কথা ভাবছেন? আপগ্রেড নোটিফিকেশন বারে নিজের জন্য বরাদ্দও নিয়ে রেখেছিলেন অপারেটিং সিস্টেম হালনাগাদ করার জন্য। কিন্তু এখনো উইন্ডোজ ১০-এর দেখা পাচ্ছেন না? তর না সইলে এখনই আপনি ডাউনলোড করে নিতে পারেন কাঙ্ক্ষিত অপারেটিং সিস্টেমটি।

এ পর্যন্ত প্রায় দেড় কোটি পার্সোনাল কম্পিউটার উইন্ডোজ ১০-এ আপগ্রেড হয়েছে। এ মুহূর্তে আরো অসংখ্য পিসি আপগ্রেডের লাইনে রয়েছে। তবে ম্যানুয়ালি যে কেউ উইন্ডোজ ১০ অপারেটিংয়ে আপগ্রেড করতে পারবেন মাইক্রোসফটের অফিশিয়াল ওয়েবসাইট থেকে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

এ জন্য প্রথমেই আপনাকে যেতে হবে মাইক্রোসফটের উইন্ডোজ ১০ ডাউনলোড পেজে । এখান থেকে আপনাকে বাছাই করতে হবে, কত বিটের অপারেটিং সিস্টেম আপনি চান। ৩২ কিংবা ৬৪ বিট অপারেটিং সিস্টেম লেখা অপশনে ক্লিক করলেই একটি টুল ডাউনলোড হবে আপনার পিসিতে।

এখন এই টুল থেকে উইন্ডোজ ১০-এর পছন্দের সংস্করণটি বাছাই করে নিন। এবার আপনার পিসি উইন্ডোজ ফাইল ডাউনলোড শুরু করবে। এ ক্ষেত্রে মোট তিন গিগাবাইটের ডাটা ডাউনলোড করতে হবে। আর আপগ্রেড করার আগে সি ড্রাইভে থাকা সব ফাইল ব্যাকআপ করে রাখার পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট।

তবে এত কাঙ্ক্ষিত অপারেটিং সিস্টেম পছন্দ না হলে আগের অপারেটিং সিস্টেমে ফেরত যাওয়ার সুবিধাও রেখেছে মাইক্রোসফট। এ ক্ষেত্রে পিসি সেটিংয়ের ‘আপডেট অ্যান্ড সিকিউরিটি’ অপশন থেকে আবার আপনি ফিরে যেতে পারেন পুরোনো অপারেটিং সিস্টেমে।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন