বুধবার ৪ নভেম্বর ২০২৬

শোক দিবসে মিথ্যা জন্মদিন পালন করবেন না: খালেদাকে সাহারা

sahara khatunদয়া করে জাতিকে আর কষ্ট দিবেন না। জাতীয় শোক দিবসে আপনি কেক কেটে মিথ্যা জন্মদিন পালন করবেন না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন।

সোমবার রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার সেমিনার মিলনায়তনে তাঁতী লীগ আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আগামী নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন দাবির প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, বেশ কয়েকদিন যাবৎ দেখছি বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক দাবি থেকে সরে এসেছেন। তত্ত্বাবধায়কের দাবী আর করছেন না। তিনি এখন বলছেন, এখন একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান। তিনি কখন যে কি বলেন। আমার মনে হয়, তার মাথাটাই খারাপ হয়ে গেছে। আগামী নির্বাচন সংবিধান অনুসারেই হবে। আপনার কথায় মানুষের কিছু যায় আসে না।

সাহারা খাতুন বলেন, বাংলার মানুষ বিএনপিকে চায় না। কারণ যারা আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারতে পারে, মানুষের ওপর বোমা মারতে পারে। তাদের আর দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না।

আয়োজক সংগঠনের আহ্বায়ক এনাজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, কার্যনির্বাহী সংসদদের সদস্য সুজিত রায় নন্দী, তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক খগেন্দ্র চন্দ্র দেবনাথ ও সাধনা দাশগুপ্ত প্রমুখ।

আরও পড়ুন