বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছিটমহল আন্দোলন শেষ হয়নি: দীপ্তিমান

Hattibandha-Sitmahalছিটমহল বিনিময় আন্দোলন বাস্তবায়নের রূপকার এবং ভারতীয় ছিটমহলের কেন্দ্রীয় সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেছেন, ‘আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। এতদিন আমরা নিজের পরিচয়ের জন্য লড়াই করেছি। আর এখন করবও উন্নয়নের জন্য আন্দোলন।’

ছিটমহল বিনিময় হস্তান্তর উপলক্ষে মঙ্গলবার ৪ আগস্ট বিকেল ৫টায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারীতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন গোতামারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার।

তিনি আরও বলেন, ‘আপনারা ৬৮ বছর ধরে উপলব্ধি করলেন যে, মানবাধিকার কি? তাই আপনাদের কাছে আমার একটি মাত্র চাওয়া। আপনারা জ্ঞানে-অজ্ঞানে কখনও মানুষের মানবাধিকার হরণ করবেন না। আপনারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলুন। ছিটমহল বিনিময় নিয়ে আমাদের যে প্রক্রিয়া ছিল তা শেষ হয়েছে। ছিটমহল বলে এখন আর কিছু বিষয় নেই। সুতরাং সেটি নিয়ে আমাদের আর কোনো দুশ্চিন্তা নেই। আমাদের আন্দোলনটা তো মানুষের মতো বেছে থাকার অধিকারের আন্দোলন। আমাদের সরকারের ওপর ভরসা রাখা উচিত। কিছুদিনের মধ্যেই বিলুপ্ত ঘোষণা করা হবে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি (বিবিইইসিসি)। এরপর নতুন নামে নতুন মোড়কে একটি কমিটি আসবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কুড়িগ্রাম জেলা আদালতের (পিপি) আব্রাহাম লিংকন, বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

সভার আয়োজন করেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির লালমনিরহাট জেলা সভাপতি আজিজুল ইসলাম আশিক।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন