বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাপা সাংসদ হান্নানের যুদ্ধাপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে

veKZ-400x266জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ-৭ আসনের সাংসদ এম এ হান্নানের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক নির্যাতন ও ধর্ষণের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সংস্থাটির সমন্বয়ক আব্দুল হান্নান খান জানায়, প্রাথমিক তদন্তে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় এখন চলছে আনুষ্ঠানিক তদন্ত কাজ। শুধু হান্নান নয়, ঐ এলাকার দুই জামায়াত নেতার বিরুদ্ধেও তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

জাতীয় পার্টির নেতা ও বর্তমান ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য এম এ হান্নান। যার বিরুদ্ধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ জেলা শান্তি কমিটির সাধারণ সম্পাদক হয়ে হত্যা, গণহত্যা, আটক নির্যাতন, ধর্ষণের মত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

বছর খানেক আগেও তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ আসে। সে সময় রহস্যজনক কারণে তদন্তের উদ্যোগ নেয়নি তদন্ত সংস্থা। তবে গত মে মাসে এমপি হান্নান, জামায়াত নেতা ফকরুজ্জামান, গোলাম রাব্বানীর বিরুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন বাদি হয়ে ময়মনসিংহ আদালতে মামলা করেন।

মামলার এজাহারে সাতজনকে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। জেলা আদালত মামলাটি ট্রাইব্যুনালে পাঠালে এরপরই  তদন্তে নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক আব্দুল হান্নান খান বলেন, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে হত্যা, গণহত্যার মত মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। এখন চলছে আনুষ্ঠানিক তদন্ত কাজ।

তদন্ত শেষে খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের  দাখিল করা হবে বলেও  জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এই সমন্বয়ক।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন