মিয়ানমার-থাইল্যান্ড সমুদ্র উপকূল থেকে উদ্ধার হওয়া ১৫৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেলো। আজ বুধবার কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানোর কথা থাকলেও আকস্মিকভাবে তা স্থগিত করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পতাকা বৈঠকের পর্যবেক্ষক কক্সবাজার বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি আসার পর পতাকা বৈঠক স্থগিত করা হয়েছে। এর প্রেক্ষিতে বুধবারের ১৫৯ জন বাংলাদেশিকে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া পিছিয়ে যায়। আগামী ১০ আগস্ট পরবর্তী পতাকা বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে।
মূলত মিয়ানমারে বন্যা হওয়ায় এ পতাকা বৈঠক পিছিয়ে দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলো মিয়ানমার কর্তৃপক্ষ। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিটি হন্তান্তর করা হয়।
গত ৩০ জুলাই তাদেরকে ফেরত পাঠানোর কথা থাকলেও ঘূর্ণিঝড় কোমেনের কারণে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে মিয়ানমার পতাকা বৈঠক স্থগিত করেছিলো। এর আগে ৩ দফায় মিয়ানমার থেকে ৩শ’ ৪২ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছিলো।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


