রাজধানীর ভাটারার নয়ানগরে মঙ্গলবার এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নয়ানগরের একটি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়া ওই ছাত্রীকে (১০) দুপুরের দিকে ধর্ষণ করা হয় বলে মামলা সূত্রে জানা গেছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিন জানান, শিশুটি সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে গেলেও স্কুল থেকে না ফেরায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বিকেল ৫টার দিকে সে বাড়িতে ফেরে।
বাসায় ফিরলে শিশুটির মা তার দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, আলামিন (২২) নামে এক পরিচিত যুবক তাকে ডেকে নয়ানগরের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে সে (আলামিন) তার সঙ্গে খারাপ কাজ (ধর্ষণ) করে।
ওসি জানান, রাত ৮টার দিকে শিশুর মা তাকে নিয়ে থানায় এসে একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৪)।
আসামি আলামিনকে খোঁজা হচ্ছে।
ধর্ষণের ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান মুত্তাকীন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


