বুধবার ৪ নভেম্বর ২০২৬

শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী পালিত

Shiekh-Kamalজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী আজ বুধবার নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। সকাল ৮ টায় ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সতিশ চন্দ্র রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ও এ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ ছাড়াও মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগ, আবাহনী পরিচালক বৃন্দ, আবাহনী সমর্থক গোষ্ঠী, আবাহনী কর্মকর্তা ও খেলোয়ার বৃন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

পরে সকাল ৯ টায় বনানী গোরস্থানে চিরনিদ্রায় শায়িত শহীদ শেখ কামালের সমাধিতে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে বুধবার শেখ কামালের জন্মদিন উপলক্ষে আবাহনী ক্লাব প্রাঙ্গনে স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভাষন দেন। অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনে বিশেষ আবদানের জন্য ৬ জনকে ‘শেখ কামাল স্বর্ণপদক’ প্রদান করেন প্রধানমন্ত্রী।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সকাল ১১ টায় শেখ কামালের ৬৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, র আ ম উবায়দুর মোক্তাদীর চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবে এমন আশা প্রকাশ করে বলেন, দল যদি টিকিয়ে রাখতে হয়। রাজনীতি করতে হয়, তাহলে নির্বাচনে আসা ছাড়া তার (খালেদা জিয়ার) কোন বিকল্প নেই। যে যত কথা বলুক। যত দাবিই তুলুক। হুমকী দেক কোন লাভ হবে না।’

শেখ কামালের স্মৃতিচারণ করে আওয়ামী লীগের নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নতুন প্রজন্মকে শেখ কামালের জীবন থেকে শিক্ষা নিতে হবে। বর্তমান সময়ে তরুণদের জন্য শেখ কামাল রোল মডেল হতে পারে। শেখ কামাল একজন সাহসী তরুণ ছিলেন। সে সময়ে তরুণদের কথা চিন্তা করেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি আবাহনী ক্রিড়া চক্র গড়ে তুলেছিলেন।

শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগ সকাল ১১টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জমান নূর, সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে বেলা ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে আওয়ামী ওলামা লীগ।

এর আগে সকাল সাড়ে ১০ টায় শেখ কামালের জন্ম বার্ষিকী পালন উপলক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক লীগ জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করে।

জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সভায় ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক এম রশিদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ কামালের জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত ছিলেন। বাসস

আরও পড়ুন