গাজীপুরের কাপাসিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে সাফিজ উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকার বাসিন্দা।বৃহস্পতিবার ভোরে উপজেলার নামিলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ভোরে একদল ডাকাত উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা এলাকার জনৈক মকবুলের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এলাকাবাসী টের পেয়ে তাদের ঘেরাও করলে ডাকাতরা পালানোর চেষ্টা করে।
এ সময় ধাওয়া দিয়ে সাফিজ উদ্দিনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশের গলায় একটি পিতলের লাইট ঝুলানো ছিল। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ওসি জানান, নিহতের বিরুদ্ধে কাপাসিয়া থানায় অস্ত্র ও ডাকাতিসহ ১৫-১৬টি মামলা রয়েছে।
গাজীপুর প্রতিনিধি


